ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র ১০০ রানেই বাংলাদেশ অলআউট। এত কম রান নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করা সম্ভব নয়। স্বাগতিকরা পারেওনি। গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে যাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ। দলের ব্যাটিং ব্যর্থতায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শ্রীলঙ্কার সঙ্গে অল্প কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে ষষ্ঠ ম্যাচ খেললাম আমরা। ওদের বোলিং আক্রমণ ভালো। তবে তাই বলে এত ভালো নয় যে রানই করা যাবে না।”
“আমাদের ব্যাটিংয়ের সব কিছুই তো ঠিক-ঠাক হচ্ছে। কিন্তু ওপরের সারির কারো ব্যাট থেকে কেন রান আসছে না বা বড় জুটি কেন গড়ে উঠছে না সে প্রশ্নের জবাব আমারও জানা নেই,” যোগ করেন তিনি।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্তটিকে একদমই ভুল বলে মনে করেন না বাংলাদেশের অধিনায়ক।
তিনি বলেন, “উইকেট খুব ভালো ছিলো। উইকেটকে দোষ দিয়ে কোনো লাভ নেই। খারাপ উইকেট হলে আমরা হয়তো বোলিং নিতাম। কিন্তু উইকেট ভালো ছিলো বলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দু শ বা তার কাছাকাছি রান করতে চেয়েছিলাম।”
বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গেলেও বাংলাদেশের ওয়ানডে মর্যাদা পাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্লে-অফ ম্যাচ খেলবেন সালমারা। ওই ম্যাচ জিতলেই প্রতিযোগিতায় সেরা ছয়ে থাকার সুবাদে ওয়ানডে মর্যাদা পেয়ে যাবে বাংলাদেশ।
তিনি বলেন, “আমরা জানি যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে ওয়ানডে মর্যাদা পাবো। ওই ম্যাচে তাই নিজেদের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করবো আমরা।”
সালমা বলেন, “এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি। বেশ কয়েকটি দলই দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলছে। ঐ দলগুলোর সঙ্গে আমাদের পার্থক্য অভিজ্ঞতায়।”
বাংলাদেশ ব্যর্থ হলেও শ্রীলঙ্কার বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণ হয়েছে। শ্রীলঙ্কার অধিনায়ক ডিলানি মানোডারা জানান, ম্যাচের আগে তাদের লক্ষ্য ছিলো বাংলাদেশকে অল্প রানের মধ্যে বেধে ফেলা । তিনি বলেন, “প্রথমে বল করলে বাংলাদেশকে ১০০ থেকে ১২০ রানের মধ্যে অলআউট করার পরিকল্পনা ছিল আমাদের।”
“পূর্ব অভিজ্ঞতা থেকে আমাদের ধারণা ছিলো বাংলাদেশকে আমাদের বোলাররা কম রানের মধ্যে বেধে ফেলতে পারবেন। বোলারদের প্রতি আমার পুরোপুরি আস্থা ছিলো। তারা সেই আস্থার প্রতিদান দিয়েছেন,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১১ঘ.
bdnews24