২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের জন্য ধোনির অনুরোধ

আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতকের হাতছানি শচীন টেন্ডুলকারের সামনে। ৯৯টি শতক নিয়ে অসাধারণ মাইলফলকের খুব কাছে দাঁড়িয়ে থাকা টেন্ডুলকারের ওপরে অযথা চাপ সৃষ্টি না করার জন্য সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতকের হাতছানি শচীন টেন্ডুলকারের সামনে। ৯৯টি শতক নিয়ে অসাধারণ মাইলফলকের খুব কাছে দাঁড়িয়ে থাকা টেন্ডুলকারের ওপরে অযথা চাপ সৃষ্টি না করার জন্য সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি বলেন, "দয়া করে তার ওপরে চাপ সৃষ্টি করবেন না। আমরা জানি মাইলফলকের খুব কাছেই দাঁড়িয়ে আছেন তিনি। আমাদের একটু অপেক্ষা করতে হবে।" বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ৭৬ রান করে আউট হয়ে যান টেন্ডুলকার। তার ঐ ইনিংসের সুবাদে ভারত সহজেই ম্যাচটি জিতে নেয় ৫ উইকেটে। ম্যাচ শেষে ধোনি বলেন, "দল হিসেবে আমরা চাপের মধ্যে নেই। তবে সংবাদ মাধ্যম তার (টেন্ডুলকার) ওপরে চাপ তৈরি করছে। তাকে শতক করার সুযোগ দেয়া উচিৎ। তিনি যে কোনো সময় শততম শতকটা পেয়ে যাবেন।" "অর্জনটা ছোঁয়ার মতো ভালো অবস্থাতেই আছেন তিনি। আসুন, কোনো চাপ ছাড়াই আমরা তাকে শতকটা করার সুযোগ দেই," যোগ করেন তিনি। ধোনি বলেন, "তার কাছে সবার প্রত্যাশা একেবারে মাউন্ট এভারেস্টের মতোই অসীম। তিনি তা ভালো মতোই জানেন।" "আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় বছর থেকেই তিনি একজন তারকা। টেন্ডুলকার ৫০ রান করলেও লোকে বলে তিনি কোনো রানই করেননি! প্রায় প্রতি ম্যাচেই এমন ঘটনা ঘটে," যোগ করেন ভারতের অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৪ঘ.