ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে কুখ্যাত ফেল্টহ্যাম ইয়াং অফেন্ডার্স ইন্সটিটিউশন থেকে অচিরেই অধিকতর নিরাপদ পোর্টল্যান্ড কারাগারে নিয়ে যাওয়া হবে।
ডন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আমিরের ভালো আচরণে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে।
লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে প্রতারণা ও অবৈধভাবে অর্থ নেয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
গত বছরের অগাস্টে লর্ডস টেস্টের কিছু অংশ 'ফিক্স' করার সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফ ও আমির এবং তাদের এজেন্ট মাজহার মাজিদকে দোষী সাব্যস্ত করা হয়। বাট, আসিফ, ও মাজিদকে কারাদণ্ড দেয়া হয়, তবে বিভিন্ন মেয়াদে।
কয়েকদিন আগে বিভিন্ন খবরে বলা হয়, আসিফকে দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে স্থানান্তর করা হবে। বাটকেও রাখা হয়েছে এই কারাগারে। কারাগারটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24