ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে মাত্র একটি টেস্টই খেলেছে বাংলাদেশ। প্রায় ৯ বছর আগের ঐ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন অলক কাপালী। এবার অবশ্য তিনি দলে নেই। তবে বাংলাদেশকে শুভকামনা জানিয়ে রাখা অলকের বিশ্বাস, প্রথম টেস্টে বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজই বেশি চাপের মধ্যে থাকবে।
২০০২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ঐ টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস এসেছিলো অলকের ব্যাট থেকে।
মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের অসাধারণ জয় সিরিজের চেহারাই পাল্টে দিয়েছে বলে মনে করেন অলক। তিনি বলেন, "শেষ ওয়ানডেতে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। আমাদের বোলাররা ওদের ব্যাটসম্যানদের দুর্বলতা বুঝতে পেরেছে। টেস্টে এটা কাজে আসবেই।"
তৃতীয় ওয়ানডের ব্যাটিং-ব্যর্থতা টেস্ট সিরিজে অতিথিদের চাপের মধ্যে রাখবে বলেই অলকের ধারণা। তিনি বলেন, "৬১ রানে অলআউট হওয়ায় পুরো টেস্ট সিরিজেই ওরা বেশ চাপের মধ্যে থাকবে। বাংলাদেশের বোলারদের যে ২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে তা নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজও বুঝতে পারছে।"
"তাছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আমাদের জন্য সৌভাগ্যের মাঠ। এখানে স্পিনাররা আগে অনেক সাফল্য এনে দিয়েছেন। প্রথম টেস্টেও স্পিনারদেরই প্রধান দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে সাকিব আল হাসানকে বাড়তি দায়িত্ব নিতে হবে," যোগ করেন তিনি।
"২০০২ সালের ঐ ম্যাচে তাপস বৈশ্য শুরুতেই উইকেট তুলে নিয়ে দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন। আমি আশাবাদী, এবার শাহাদাত হোসেন আর রুবেল হোসেনও একই কাজ করতে পারবেন। বড় দৈর্ঘ্যরে ক্রিকেটের জন্য দুজনই খুব ভালো বোলার," যোগ করেন তিনি।
অলকের সঙ্গে একমত বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল বাশার সুমন। সেই ম্যাচে অলকের সতীর্থ ছিলেন তিনি।
হাবিবুল বলেন, "প্রথম টেস্টে বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজই চাপের মধ্যে আছে। তবে ওদের হারানোর জন্য আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।"
তৃতীয় ওয়ানডেতে পাওয়া সহজ জয় বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলেই মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৫ঘ.
bdnews24