ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে মোহাম্মদ আশরাফুলের বাদ পড়া সবার জন্যই একটি সতর্কবার্তা বলে মনে করেন বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল।
তিনি বলেন, "জাতীয় দলে খেলতে হলে সবাইকে ভালো খেলতে হবে।"
টেস্টে বাংলাদেশের প্রাপ্তি বেশ কম বলে মনে করেন ল। তিনি বলেন, "সম্ভবত পরিবর্তনের এটাই সময়।"
ওয়ানডে সিরিজে বাজে খেলার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন আশরাফুল ও আব্দুর রাজ্জাক। চোটের কারণে শফিউল ইসলাম ও অসুস্থতার জন্য মাহমুদুল্লাহ রিয়াদও নেই দলে।
আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে ল বলেন, "বাদ পড়ার মানে এই নয় যে তিনি ফুরিয়ে গেছেন। তার পরিশ্রম করার ক্ষমতা অসাধারণ। জিমে, অনুশীলনে, ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ে সবখানেই তিনি ভীষণ পরিশ্রমী। সবাই তার সাফল্য কামনা করলেও দুর্ভাগ্যজনকভাবে বার বার উল্টোটাই ঘটছে।
বাংলাদেশের কোচ বলেন, "আশরাফুল টেস্ট দলে নেই বটে, তবে তাই বলে তিনি শেষ হয়ে যাননি। তার সামনে সেরা বছরগুলোই অপেক্ষা করছে। তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং রান করা নিয়ে ভাবতে হবে।"
"তা করতে পারলে আমার ধারণা তিনি অবশ্যই সাফল্য পাবেন," যোগ করেন তিনি।
ল বলেন, "জাতীয় দলে থাকতে হলে ভালো খেলতেই হবে। এই বার্তা সবার জন্য প্রযোজ্য।"
জাতীয় দলে নবাগতদের মধ্যে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির আন্তর্জাতিক ক্রিকেট-জীবন বেশ লম্বা হতে পারে বলে মনে করেন ল।
তিনি বলেন, "আমি তাকে বিসিবি কাপে দেখেছি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি বেশ ভালো খেলেছেন। বলের ওপর তার নিয়ন্ত্রণ বেশ ভালো। বিসিবি কাপ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে তিনি বেশ কিছু উইকেটও পেয়েছেন।"
টেস্টে তিন পেসার খেলানোর পরিকল্পনা নেই বলেই জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে থাকা রবিউল ইসলাম বাদ পড়েছেন বলে জানান ল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৫ঘ.
bdnews24