অনীক মিশকাত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে জিততেই হবে। শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। প্রথম ম্যাচ ৪০ রানে হেরে যাওয়ায় বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
বৃহস্পতিবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগই অধিনায়ক মুশফিকুর রহিমকে সন্তুষ্ট করতে পারেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে জয় উপহার দিয়ে নতুন অধিনায়কের দারুণ এক অর্জনকে স্মরণীয় করে রাখতে পারেন সাকিব-তামিম-ইমরুলরা।
শনিবার বাংলাদেশের নবম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে খেলতে যাচ্ছেন মুশফিক।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা পাত্তাই পাননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। বিশেষ করে লেন্ডল সিমন্সের সাবলীল ব্যাটিং স্বাগতিকদের ভীষণ ভুগিয়েছে। ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে দুটো ভালো সিরিজ খেলে আসা সিমন্স এই ম্যাচেই প্রথম ওয়ানডে শতকের দেখা পান।
ক্রিস গেইল আর ডোয়াইন ব্রাভোর মতো দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি দলকে বুঝতেই দিচ্ছেন না মারলন স্যামুয়েলস। টি-টোয়েন্টির মতো প্রথম ওয়ানডেতেও অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে।
কাইরন পোলার্ডও কম যাননি। টি-টোয়েন্টিতে খেলতে না পারলেও প্রথম ওয়ানডেতে আক্রমণাত্মক ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে তিন শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব তারই।
ক্যারিবীয়দের প্রধান শক্তি পেস আক্রমণ। ড্যারেন স্যামি, রবি রামপাল, কেমার রোচ, আন্দ্রে রাসেলকে নিয়ে গড়া পেস আক্রমণকে সমীহ না করে উপায় নেই। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে অবশ্য খেলতে পারেননি অধিনায়ক স্যামি। তবে শনিবার অতিথিদের নেতৃত্ব দিতে পারেন তিনি।
লেগস্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গে স্যামুয়েলসের অফস্পিনও ওয়েস্ট ইন্ডিজকে নির্ভরতা দিচ্ছে অনেকখানি।
এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই বিশ্বকাপে ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল বাংলাদেশ। চার বছর পর টি-টোয়েন্টি জিতে সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে পেরেছে স্বাগতিকরা। আর প্রথম ওয়ানডেতে হেরে গেলেও ২৫৮ রান করার সুবাদে মুশফিকের দলের আত্মবিশ্বাসেও চিড় ধরেনি।
তামিম ইকবাল ভালোভাবে শুরু করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন বার বার। তার কাছে একটা বড় ইনিংসের প্রত্যাশা পুরো দলের।
বৃহস্পতিবার মাত্র ২ রান করে আউট হয়ে যাওয়া মোহাম্মদ আশরাফুলের কাছেও ভালো ইনিংসের দাবি মুশফিকদের।
বাংলাদেশের অন্যতম দুশ্চিন্তা পাওয়ার প্লে নিয়ে। বিশেষ করে ব্যাটিং পাওয়ার প্লে। বৃহস্পতিবার ব্যাটিং পাওয়ার প্লে'র ৫ ওভারে তিনটি মূল্যবান উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় তারা। যে চাপ কাটিয়ে শেষ পর্যন্ত আর জেতা সম্ভব হয়নি।
মিরপুরে বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ের নায়ক বোলাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা। এবারও তাদের দিকেই তাকিয়ে স্বাগতিকরা।
এবার অবশ্য মুশফিকের হাতে অনেক বিকল্প। দুই বাঁহাতি সাকিব, আব্দুর রাজ্জাকের পাশাপাশি নাঈম, অলক, আশরাফুল, নাসিরদের স্পিনও বিপদে ফেলতে পারে প্রতিপক্ষকে।
মুশফিক তো সরাসরি বলেই দিয়েছেন মিরপুরে জয়ের জন্য স্পিন সহায়ক উইকেট খুবই জরুরী।
শফিউল ইসলাম, রুবেল হোসেনদের কাছেও কম প্রত্যাশা নয় বাংলাদেশের। দুই নতুন বলের বোলার শুরুতে উইকেট এনে দিতে পারলে ওয়েস্ট ইন্ডিজ চাপের মধ্যে পড়বেই।
দুদল এখন পর্যন্ত ১৮টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৩টি আর বাংলাদেশ তিনটি। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫০ঘ.
bdnews24