ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার মাশরাফি বিন মর্তুজা ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স পর্বের শেষ খেলায় মাঠে নামতে চান। তবে সে জন্য তিনি অপেক্ষায় আছেন ফিজিও মাইক হেনরির সবুজ সঙ্কেতের।
সুপার সিক্স পর্বের শেষ খেলা হবে ৫ ফেব্রুয়ারি।
এদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মাশরাফি।
মঙ্গলবারের মতো বুধবারও ১৮ মিটার দৌড়ে বল করেন মাশরাফি। তিনি সাধারণত ২১ মিটার দৌড়ে বল করে থাকেন। অচিরেই পুরো রান-আপ নিয়ে বল করতে চান তিনি। তবে এ জন্য তিনি অপেক্ষায় আছেন হেনরি ও বোলিং কোচ ইয়ান পন্টের অনুমতির।
জিপি-বিসিবি একাডেমি মাঠে তিন পেসার নাজমুল হোসেন, রুবেল হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে বোলিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করেন মাশরাফি। এরপর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য কিছু ব্যায়ামও করেন তিনি।
পরে মাশরাফি সাংবাদিকদের বলেন, "ধীরে ধীরে আমার অবস্থার উন্নতি হচ্ছে। যতো তাড়াতাড়ি সম্ভব পুরো রান-আপ নিয়ে বল করতে চাই।"
তিনি স্বীকার করেন, সমর্থকদের সমর্থন তাকে কঠোর পরিশ্রম করার জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।
চোটের কারণে দলের বাইরে থাকলেও বাংলাদেশের পেস আক্রমণকে শক্তিশালী বলেই মনে করেন মাশরাফি। তিনি বলেন, "পেসার হিসেবে নাজমুল, রুবেল ও শফিউল নিজেদের যোগ্যতা প্রমাণ করেই দলে জায়গা পেয়েছেন। অনেক ম্যাচও খেলেছেন তারা। অভিজ্ঞতাও কম হয়নি তাদের।"
মাশরাফির অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান ইয়ান পন্টও। তিনি বলেন, "১৮ মিটার দৌড়ে তিনি বল করেছেন। ধীরে হলেও খেলার মতো সুস্থ হয়ে উঠছেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এএনএম/টিআর/২০৩৯ ঘ.
bdnews24