ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনের শতকের সুবাদে প্রথম একদিনের খেলায় ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৯৪ রান তুলে ইংল্যান্ডের সবাই আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য ২৯৫ টপকে ২৯৭ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ওয়াটসন করেন হার না মানা ১৬১ রানের ইনিংস। তিনি তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি সাজান ১২টি চার ও চারটি ছক্কা দিয়ে।
উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিনের (৩৯) সঙ্গে ১১০ ও অধিনায়ক মাইকেল ক্লার্কের (৩৬) সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত অবস্থানে নিয়ে যান ওয়াটসন। তবে ক্লার্ক আউট হওয়ার পরপরই স্টিভেন স্মিথ (৫) সাজঘরে ফিরলে অসিদের চেপে ধরে সফরকারীরা।
ওয়াটসনের আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি মাইক হাসি (২১) ও ক্যামেরন হোয়াইট করেন অপরাজিত ২৫ রান।
ইংল্যান্ডের পক্ষে টিম ব্রেসন্যান ২টি উইকেট নেন। রান দেন ৭১। একটি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও আজমল শাহজাদ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে স্ট্রাউস ও ড্যাভিস সংগ্রহ করেন ৯০ রান। ড্যাভিস ৪২ রান করে সাজঘরে ফিরে যান।
পরের ব্যাটসম্যান জোনাথন ট্রট ৬ রান করে ডেভিড হাসির বলে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়লে বিপদে পড়ে যায় সফরকারীরা।
দলীয় ১৩১ রানের মাথায় সাজঘরের পথ ধরেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস (৬৩)। এছাড়া কেভিন পিটারসেন ৭৮, ইয়ান বেল ২৩ ও ব্রেসন্যান করেন ২৮।
অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেট লি ৪৩, ডেভিড হাসি ৪২, মিচেল জনসন ৫৪ ও স্টিভেন স্মিথ ১২ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
এই খেলায় জিতে সাত ম্যাচের কমনওয়েলথ ব্যাংক সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনআই/টিআর/২২০০ ঘ.
bdnews24