ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন পাকিস্তানি ক্রিকেটার তাদের বিরুদ্ধে আনা আইসিসি'র 'স্পট ফিক্সিং'র অভিযোগের জবাব দিয়েছেন। এর মধ্য দিয়ে তারা অভিযোগ থেকে মুক্ত হতে চাইছেন।
এরই মধ্যে অবশ্য 'স্পট ফিক্সিং'র অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সব ধরনের ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইন উপদেষ্টা তফাজ্জল রিজভি ইএসপিএন-ক্রিকইনফোকে মঙ্গলবার বলেন, সালমান, আসিফ ও আমির আইসিসির অভিযোগের জবাব দিয়েছেন। ক্রিকেটাররা পাকিস্তানে থাকলেও তাদের লন্ডনের আইনজীবী এলিজাবেথ রবার্টসনের মাধ্যমে তারা তাদের জবাব দেন।
আইসিসি ২ সেপ্টেম্বর তাদের এই নোটিশ দেয়। জবাব দেয়ার সময় দেয় ১৪ দিন।
আইসিসি'র কর্মকর্তারা এ ব্যাপারে মুখ খোলেননি। তবে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, "তড়িঘড়ি করে আইসিসি কোনো সিদ্ধান্ত নেবে না।" তবে অনেক সময় লেগে যেতে পারে বলে জানিয়ে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, "সিদ্ধান্তে পৌঁছাতে কতটা সময় লাগতে পারে, সে ব্যাপারে কেউ কিছু জানে না।"
তারা কি জবাব দিয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে ইএসপিএন-ক্রিকইনফো ধারণা করছে, তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। সেই সঙ্গে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধও করে থাকতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৬৪৬ ঘ.
bdnews24