ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। খেলা শুরু হবে ১৮ অগাস্ট, ওভালে।
ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে পাকিস্তান হার মানে ৩৫৪ রানে। ফলে দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে হেরে চার টেস্টের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ে তারা। এই দুই টেস্টে পাকিস্তানের তরুণ এবং অনভিজ্ঞ ব্যাটসম্যানরা ইংল্যান্ডের পেসারদের সুইং ও স্পিনার গ্রায়েম সোয়ানকে ঠিকমতো খেলতে পারেননি। রীতিমতো দিশেহারা মনে হয়েছে তাদের।
প্রথম টেস্টে হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবসর থেকে ফিরিয়ে এনে ইউসুফকে ইংল্যান্ডে পাঠায়। দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন এজবাস্টনে পৌঁছান তিনি। তাই তাকে খেলানোর ঝুঁকি নেননি দলের কর্মকর্তারা। কারণ লাহোরে টানা বৃষ্টিতে প্রায় ১৫ দিন অনুশীলন করতে পারেননি ইউসুফ।
তবে ওভাল এবং লর্ডসে চতুর্থ ও শেষ টেস্টে তার খেলা নিশ্চিত। অধিনায়ক সালমান বলেছেন, ''সিরিজের বাকি দু'টি টেস্টে খেলছেন ইউসুফ। আশা করছি তিনি তার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবেন। তার ব্যাটের দিকে আমরা তাকিয়ে আছি। এছাড়া তরুণ ব্যাটসম্যানরাও ইউসুফের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।''
এজবাস্টনে হারলেও দুই খেলোয়াড়ের প্রশংসা করেছেন সালমান। একজন নবাগত উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার এবং অপরজন অফ-স্পিনার সাইদ আজমল। জুলকারনাইন এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৮ রান করেন। প্রথম পালায় আজমল ইংল্যান্ডের ৫ উইকেট নেন, ৮২ রানে।
এই হারের জন্য সালমান মূলত বাজে ব্যাটিংকে দায়ী করেন। তবে বাজে ফিল্ডিংয়ের সমালোচনা করতেও ছাড়েননি তিনি। ম্যাচে অন্তত দশটি ক্যাচ ফেলেছে পাকিস্তান।
ওভাল টেস্টে বোলিং বিভাগেও পরিবর্তন আনতে হবে পাকিস্তানকে। কারণ চোটের জন্য খেলতে পারছেন না ফাস্ট বোলার উমর গুল। মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফের সঙ্গে যোগ দিতে পারেন তানভীর আহমেদ কিংবা ওয়াহাব রিয়াজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৭ ঘ.
bdnews24