ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করতে গিয়ে স্টুয়ার্ট ব্রড ও পল কলিংউডসহ কয়েকজনকে বিশ্রামে রেখেছে ইংল্যান্ড। তবে অ্যাসেজ সিরিজ ও বিশ্বকাপে ঠিকই খেলানো হবে ব্রড ও কলিংউডকে। তবে নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন ইয়ন মর্গান।
ফাস্ট বোলার ব্রড তিন ধরনের ক্রিকেটেই ইংল্যান্ড দলের নিয়মিত খেলোয়াড়। অনেক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে তার। আর কলিংউড তো বার্বাডোস থেকে গত সপ্তাহে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে নিয়ে এলেন।
টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচক জিওফ মিলার বলেন, "আমরা এখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের দিকে নজর দিচ্ছি। আমাদের বিশ্বাস আমরা একটি চমৎকার দল গঠন করেছি। তাই ব্রড ও কলিংউড এই সিরিজে খেলছেন না।" এতে তরুণ খেলোয়াড়দের টেস্ট খেলার সুযোগ পাবেন বলে তিনি মনে করেন।
মর্গানকে দলে নেয়ার ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন, ইংল্যান্ডের একদিনের দলে সুযোগ পাওয়ার পর থেকেই চমৎকার খেলছেন তিনি। তার খেলা দেখে মুগ্ধও হচ্ছেন অনেকে। তাই তাকে টেস্ট খেলার সুযোগ দেয়া হয়েছে।
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে এই প্রথম দলের নেতৃত্বে ফিরছেন অ্যান্ড্রু স্ট্রাউস।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে ম্যানচেস্টারে, শুরু হবে ৪ জুন।
দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসন্যান, অ্যালিস্টার কুক, স্টিভেন ফিন, ইয়ন মর্গান, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), আজমল শাহজাদ, গ্রায়েম সোয়ান ও জোনথন ট্রট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২২ ঘ.
bdnews24