২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের কৃতিত্বে ডেকানের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার ডেকান চার্জার্স ১৩ রানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 06:07 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার ডেকান চার্জার্স ১৩ রানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। নাগপুরের বিদর্ভা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে ডেকান চার্জার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানেই গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। দলীয় মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে ডেকান চার্জার্স। ডেল স্টেইনের পরপর দুই বলে শূন্য রানে আউট হয়ে যান ডেকান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও তিরুমালাসেত্তি সুমন। এরপর রোহিত শর্মা ও মনিষ মিশ্র প্রতিরোধ গড়ে তোলেন। শর্মা ৪৬ বল খেলে ৫১ এবং মনিষ ৩০ বলে ৩ ছক্কা ও ১ চারের সহায়তায় ৪১ রান করেন। জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই রায়ান হ্যারিসের শিকারে পরিণত হন ব্যাঙ্গালোরের উদ্বোধনী ব্যাটসম্যান মনিষ পাণ্ডে। এরপর দ্রাবিড়, ক্যালিস ও উথাপ্পা হাল ধরার চেষ্টা করলেও ডেকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ তারা ছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠা ছাড়াতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন দ্রাবিড় । ডেকানের পক্ষে হ্যারিস, আরপি সিং, প্রজ্ঞান ওঝা ও হরমিত সিং দু'টি করে উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন ডেকান চার্জার্সের হরমিত সিং। এই ম্যাচ শেষে ১২ পয়েন্ট (১২ ম্যাচ) নিয়ে রান রেটের ব্যবধানে ব্যাঙ্গালোর দ্বিতীয় ও ডেকান রয়েছে পঞ্চম স্থানে। ১৬ পয়েন্ট (১১ ম্যাচ) নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে মুম্বাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/এনআই ১৬৫০ ঘ.