ঢাকা, মার্চ ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রভিন কুমারের হ্যাটট্রিক ও কুম্বলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আইপিএলের দ্বিতীয় বড় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার আসরের দশম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে ব্যাঙ্গালোর।
রাজস্থানের ৯২ রানের সংগ্রহকে সামনে রেখে ব্যাট করা অনিল কুম্বলের ব্যাঙ্গালোর ৫৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত কোনো উইকেট না হারিয়ে। এ নিয়ে আসরে টানা তিন ম্যাচেই হারলো শেন ওয়ার্নের রাজস্থান। অপরদিকে তিন ম্যাচে এটি ব্যাঙ্গালোরের দ্বিতীয় জয় ।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান ২৭ রানে প্রথম উইকেট খোয়ায়। ক্যালিসের বলে উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নামান ওঝাঁ (১৬)। চার রান বাদেই কুম্বলের বলে বাউচারের তালুবন্দি হন মাইকেল লাম (১০)। রাজস্থান তৃতীয় উইকেটটি হারায় ৩৮ রানে । অভিষেক ঝুনঝুনওয়ালাকে (৫) বোল্ড করেন ক্যালিস।
কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ইউসুফ পাঠান ও ড্যামিয়েন মার্টিনের ব্যাট শিল্পা শেঠির দলকে রাস্তা দেখাতে শুরু করে। ৭৫ রানে যেতেই দলের মূল ব্যাটিং স্তম্ভ ইউসুফের উইকেটটি খোয়ায় রাজস্থান। কোহলির রান আউটের ফাঁদে পড়েন ইউসুফ (২৬)।
পরের ব্যাটসম্যানদের মধ্যে আগে-ভাগে সাজ ঘরে ফেরার প্রতিযোগিতা হয়। তবে ব্যক্তিগত ১৯ রানে মার্টিন বিদায় নেওয়ার পরই ধস নামে রাজস্থানের। মাত্র সাত রানেই শেষ চার উইকেট হারায় শেন ওয়ার্নের দল।
অধিনায়ক কুম্বলে মাত্র ৯ রানে তিন উইকেট নিয়ে বড় জয়ের পথ তৈরী করেন। যোগ্য সঙ্গী প্রভীন কুমার ১৮ রানে তিন উইকেট ও ক্যালিস ২ উইকেট নিয়ে রাজস্থানকে আসরের সর্ব নিু রানে বেঁধে ফেলেন।
জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মনিষ পান্ডে ও জ্যাক ক্যালিসের ব্যাটে চড়ে ১০.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে কুম্বলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
পান্ডে সাত চার ও এক ছয়ে ৪২ ও ক্যালিস সাত চারে ৪৪ রানে অপরাজিত থাকেন।
শুক্রবার দিল্লী ডেয়ারডেভিলস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। অন্য ম্যাচে ডেকান চার্জার্স লড়বে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/০০৩৬ ঘ.
bdnews24