২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেন্যু পরিদর্শনে চট্টগ্রামে আইসিসি'র প্রতিনিধি দল

বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু পরিদর্শনে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি দল। দলটি শনিবার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু পরিদর্শনে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি দল। দলটি শনিবার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করে। ২১ সদস্যের প্রতিনিধি দলটি রোববার বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের অপর ভেন্যু মিরপুর শেরে-বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবে। দলের নেতৃত্ব দিচ্ছেন আইসিসি'র ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ক্রিস টেটলি। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে তারা ভেন্যুর বিভিন্ন দিক পর্যবেক্ষন করেন। এসময় খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিং রুম, জিমনেসিয়াম, আউট ফিল্ড, পিচ, সিকিউরিটি বক্স, ব্রডকাস্ট হাউজ, স্পন্সর কক্ষ, ফ্লাউট লাইট, গ্যালারিসহ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও কর্মচারীসহ মাঠের উন্নয়নের সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও তারা কথা বলেন। প্রতিনিধি দলটি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামও ঘুরে দেখেন। এই মাঠে বিশ্বকাপের অনুশীলন হবে। পরিদর্শন শেষে মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি কোন মন্তব্য করেননি আইসিসি'র কমিউনিকেশন ম্যানেজার সামিউল হোসেন। তবে তিনি বলেন, অন্য আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার মাঠগুলি পরিদর্শন শেষে আইসিসিকে একটি সমন্বিত প্রতিবেদন দেয়া হবে। চট্টগ্রামের এই মাঠে বিশ্বকাপ ক্রিকেটের দু'টি খেলা হবে। এ ছাড়াও আরো ছয়টি খেলা হবে মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ১৭ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০০০ ঘ.