২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া ক্রিকেটেও হুমকি পেয়েছিলেন হায়দার

নিজ দেশে ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও হুমকি পেয়েছিলেন পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক জুলকারনাইন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজ দেশে ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও হুমকি পেয়েছিলেন পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক জুলকারনাইন হায়দার। ঘরোয়া লিগে নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়কে দলে নেয়ার জন্য তাকে নির্দেশ দেয়া হয়েছিল বলে জানান হায়দার। পাকিস্তানের জিও টিভিকে হায়দার বলেন, " হ্যাঁ আমাকে হুমকি দেয়া হয়েছিল। আমি কিভাবে খেলবো এবং দলে কে খেলবে আর কে খেলবে না সে ব্যাপারে নির্দেশ দিয়েছিল হুমকিদাতা।" রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড কাপের ২০০৮-০৯ মৌসুমে লাহোর ঈগলস এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি) মধ্যে হওয়া ম্যাচটির দিকেই আঙ্গুল তুলেছেন হায়দার। ওই ম্যাচের আগেই হায়দার লাহোরের নেতৃত্ব হারান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে গিয়েছিল লাহোরের ইনিংস। খেলায় দুই বল মোকাবেলা করে খালি হাতেই ফিরে গিয়েছিলেন হায়দার। জবাবে এনবিপি মাত্র ৬ ওভার ১ বলে বিনা উইকেটেই জয়ের লক্ষ্য টপকে গিয়েছিল। এনবিপি অধিনায়ক সালমান বাট মাত্র ২৫ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন। ১৬টি বাউন্ডারিসহ ৪টি বিশাল ছক্কা মেরেছিলেন তিনি। প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার জন্য নিজেদের নেট রান রেট বাড়াতে ওই খেলায় বড় জয় প্রয়োজন ছিল এনবিপি'র। পরে খেলার ফল নিয়ে প্রশ্ন উঠলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলায় সন্দেহজনক কিছু খুঁজে পায়নি বলে জানিয়েছিল। দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ একদিনের খেলায় পাকিস্তান এক উইকেটে জেতার পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হুমকি দেয় বলে জানান হায়দার । একই সঙ্গে পঞ্চম ও শেষ ওয়ানডেতে কথা মতো কাজ করার নির্দেশ দেয় হুমকিদাতা। এরপরই দুবাই থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন হায়দার। পরে মঙ্গলবার লন্ডনে তার খোঁজ পাওয়া যায়। তবে তিনি লন্ডনের কোথায় আছেন তা গোপন রাখা হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হায়দার। ২০১০ সালে আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া জুলকারনাইন টেস্ট খেলেন মাত্র একটি। একদিনের ম্যাচ খেলেছেন ৪টি। কোনো শতক না থাকলেও টেস্টে একটি অর্ধ-শতক রয়েছে তার। আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯১৯ ঘ.