২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর থেকে বাড়িতে কানেরিয়া

স্পিনার দানিশ কানেরিয়াকে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ছাড়পত্র দিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার আরো চার ক্রিকেটারের সঙ্গে আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনার দানিশ কানেরিয়াকে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ছাড়পত্র দিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার আরো চার ক্রিকেটারের সঙ্গে আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কানেরিয়াসহ পাঁচ ক্রিকেটার রোববার সকালে আবুধাবিতে যাওয়ার জন্য করাচি বিমানবন্দরে যান। কিন্তু শেষ মুহূর্তে পিসিবি'র এক কর্মকর্তা কানেরিয়াকে বিমানবন্দর থেকে ফিরে যেতে বলেন। জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে খেলার অনুমতি দেয়নি বোর্ড। তবে বাকি চার ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সামি, আজহার আলি ও তৌফিক উমর আবুধাবির উদ্দেশে রওনা দেন। কানেরিয়াকে যেতে না দেয়ার পরিষ্কার কোনো ব্যাখ্যা পিসিবি দেয়নি। পিসিবি'র ক্রিকেট পরিচালক জাকির খান বলেছেন, "দানিশকে খেলার ছাড়পত্র বোর্ড দেয়নি। তাই তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন না।" এ ব্যাপারে পিসিবি'র চেয়ারম্যান ইজাজ বাটসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। গত অক্টোবরে কানেরিয়াকে টেস্ট দলে নেন প্রধান নির্বাচক মোহসিন খান। তখন তিনি বলেছিলেন, কোনো খেলোয়াড়কেই বোর্ডের অনুমতি ছাড়া দলে নেয়া হয়নি। বিশেষ করে, ইজাজ বাটের অনুমোদন ছাড়া। কানেরিয়া দলের সঙ্গে লাহোরে যথারীতি অনুশীলন করেন। খেলেন ঘরোয়া কায়েদে আজম ট্রফিতেও। তাতে দুই খেলায় নেন ১৮ উইকেট। পাকিস্তানের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে। এরপর দল থেকে বাদ পড়েন। কানেরিয়া ৬১ টেস্টে ২৬১ উইকেট নিয়েছেন কানেরিয়া। স্পিনার হিসেবে পাকিস্তানের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। গত মৌসুমে কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলার সময় কানেরিয়ার বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগ উঠেছিল। তদন্ত শেষে সেপ্টেম্বরে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/১৯৪৮ ঘ.