ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের মৃতপ্রায় ক্রিকেটকে বাঁচাতে সাহায্য করতে চান সাবেক অধিনায়ক স্যার ভিভিয়ান রিচার্ডস।
ভিভ জানান, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হয়ে যে দায়িত্ব নিয়েছেন, তিনিও সেই একই দায়িত্ব নিতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের হয়ে। তবে কোচ কিংবা ম্যানেজার হতে চান না।
গ্রেগ বর্তমানে সিএ'র প্রধান নির্বাচক। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিভা অন্বেষণ কর্মসূচীর প্রধান পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।
ভিভ অভিযোগ করেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রশাসনে সাবেক ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয় না। অথচ তাদের অনেকেই দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান।
দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং একসময় ক্রিকেট বিশ্বকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ গত ১৫ বছর ধরেই ধুঁকছে। এর মধ্যে ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছাড়া আর কোনো সাফল্য নেই দলটির। তাদের সবচেয়ে বড় সমস্যা হলো ক্রিকেট প্রতিভার আকাল। আর সেটাই দূর করার দায়িত্ব নিতে চান ভিভ। এ ব্যাপারে নিজের ওপর আস্থা রয়েছে বলে তিনি জানান।
ভিভ নয়া দিল্লি এসেছেন কমনওয়েলথ গেমসে অংশ গ্রহণকারী অ্যান্টিগা ও বারবুডার বিশেষ শুভেচ্ছাদূত হিসেবে। কিন্তু তাকে ক্রিকেট নিয়েই কথা বলতে হচ্ছে অধিকাংশ সময়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে হলে ভারতীয় খেলোয়াড়দের একটি 'দল' হয়ে খেলতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮২৫ ঘ.
bdnews24