ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড যেন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। আর তাতে সাড়া দিয়ে রেকর্ড করে চলছে একের পর এক। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে সাকিব আল হাসানের ঝড়ো শতক ও তামিম ইকবালের হাফ সেঞ্চুরির সুবাদে আট উইকেটে রান তুলেছে ৩২০। যেকোন দলের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
জিততে হলে জিম্বাবুয়েকে রান করতে হবে ৩২১।
বুলাওয়েতে সকালে টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। উইকেটে ঘাস কম থাকায় ব্যাটিং ট্র্যাকে প্রথমে ব্যাট করার পুরো সুবিধা আদায় করে নেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ইনিংসে চার ব্যাটসম্যান রান আউট ও অধিনায়ক প্রসপার উৎসেয়া ঘুরিয়ে-ফিরিয়ে আটজন বোলার ব্যবহার করেন। কিন্তু তারপরও রানের চাকা থেমে যায়নি বাংলাদেশের। চলতেই থাকে সমানে।
চার নম্বর ব্যাটসম্যান অধিনায়ক সাকিব আল হাসান মাঠে নেমেই মারমুখি হয়ে ওঠেন। মাত্র ৬৪ বলে ১০৪ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। তিনি তার ইনিংসটি সাজান নয়টি ৪ ও চারটি ছক্কা দিয়ে। ৪৭তম ওভারের প্রথম বলে দলীয় ২৯৩ রানের মাথায় বিদায় নেন তিনি।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। ১০৫ বল খেলে রান করেন তিনি ৭৯। এর মধ্যে পাঁচটি ৪ ও একটি ছক্কা রয়েছে। এটি তার পরপর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। রান আউট হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীও। ৪১ বলে ২৭ রান করেন তিনি।
উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয় ৭১ রানের মাথায়।
প্রথম একদিনের ম্যাচের সেঞ্চুরিয়ান সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শুরুটা ভালই করেছিলেন। কিন্তু দলীয় ১১০ রানের মাথায় ব্যক্তিগত ২২ রানে চিভাভার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে বিদায় নেন। ৩৩ বল খেলে তিনি চার মেরেছেন ১টি।
রকিবুল হাসানও আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ২৮ বলে ৩৫ রান করেন তিনি। চার মেরেছেন পাঁচটি। মুশফিকুর রহিমও কম যাননি। বোলারদের ওপর চড়াও হয়ে তিনি ২৩ রান করেন মাত্র ১৮ বলে।
এছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোঠায় পৌঁছতে পারেননি।
জিম্বাবুয়ের সব চেয়ে সফল বোলার ছিলেন এল্টন চিগুম্বুরা। ১০ ওভারে ৫৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ম্যাচটি একই মাঠে হলেও খেলা হচ্ছে অন্য একটি উইকেটে। গত ম্যাচের উইকেটের চেয়ে এটিতে ঘাস অনেক কম। তাই এটিকেও ভালো ব্যাটিং ট্র্যাক মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।
জিম্বাবুয়ের অধিনায়ক উৎসেয়ার বিশ্বাস, উইকেট থেকে তার বোলাররা ভালই বাউন্স আদায় করে নিতে পারবেন।
আর বাংলাদেশের অধিনায়ক সাকিব বলেছেন, টসে জিতলেও তিনি ব্যাটিংই বেছে নিতেন।
প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ে ৮ উইকেটে হেরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৭ ঘ.
bdnews24