২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরিয়ার-অলকদের 'ঘরে ফেরা'র আনুষ্ঠানিকতা সম্পন্ন

আইসিএল (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) ছেড়ে আসার ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলেন শাহরিয়ার নাফীস-অলক কাপালিরা। এবার তারা সারলেন আনুষ্ঠানিকতা। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে গিয়েছিলেন সাত ক্রিকেটার। তারা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়ে যে ই-মেইলটি পাঠিয়েছিলেন আইসিএল কর্তৃপক্ষকে, সেটির অনুলিপি দিয়েছেন বিসিবিকে। সেই সঙ্গে দিয়েছেন অবসর প্রত্যাহারের চিঠিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আইসিএল (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) ছেড়ে আসার ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলেন শাহরিয়ার নাফীস-অলক কাপালিরা। এবার তারা সারলেন আনুষ্ঠানিকতা। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসে গিয়েছিলেন সাত ক্রিকেটার। তারা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়ে যে ই-মেইলটি পাঠিয়েছিলেন আইসিএল কর্তৃপক্ষকে, সেটির অনুলিপি দিয়েছেন বিসিবিকে। সেই সঙ্গে দিয়েছেন অবসর প্রত্যাহারের চিঠিও। প্রসঙ্গত, আইসিএলে যোগ দেওয়ার আগে তারা বাংলাদেশের যে কোনো ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন জানিয়ে চিঠি দিয়েছিলেন বিসিবিকে। এখন ফিরে আসার পথে প্রথম পদক্ষেপ হিসেবে অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন দেশের ক্রিকেট প্রশাসনকে। এদিন শাহরিয়ার নাফীস ও অলক কাপালির সঙ্গী হয়েছিলেন মোহাম্মদ শরীফ, আফতাব আহমেদ, নাজিমউদ্দিন, ফরহাদ রেজা এবং গোলাম মাবুদ শিশির। শনিবারই দুপুরের পর ই-মেইলের মাধ্যমে তাদের ফিরে আসার বিষয়টা অবহিত করেছিলেন মোহাম্মদ রফিক এবং ধীমান ঘোষও। কিন্তু বিসিবি তাদের এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিক ধরছে না জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, তাদেরকে সশরীরে এসে তা জানিয়ে যেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৮ঘ.