করাচি, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অসুস্থতার কারণে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না শোয়েব আখতার। তার জায়গায় আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে পেসার রাও ইফতিখারকে দলে নিয়েছে পাকিস্তান।
সোমবার বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চপদস্থ কর্মকর্তা সেলিম আলতাফ জানিয়েছেন, পাকিস্তানের অসুস্থ শোয়েবের বদলে অন্য একজনকে দলে রাখার অনুরোধ মেনে নিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। এ ব্যাপারে সেলিম আলতাফের মন্তব্য, "রাও ইফতিখার বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেবে। অন্যদিকে শোয়েবকে বিশ্রাম এবং ত্বকের সংক্রমণজনিত রোগ থেকে সেরে ওঠার জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০০ঘ.
bdnews24