ঢাকা, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রায় এক দশক আগে ঘটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছিল কক্সবাজারে। ২০০০ সালে ওই এজিএমের পরপরই গঠিত হয়েছিল বিসিবির পরিচালনা পর্ষদ। এবার আবার নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদ কাঠামোয় ফিরে যাওয়ার পর কক্সবাজারে এজিএম করার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। আগামী জুলাইয়ের শেষদিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে সমূদ্র শহরে বার্ষিক সাধারণ সভা হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
২০০০ সালের পর প্রতিবারই ঢাকায় হয়েছে বার্ষিক সাধারণ সভা। এবার সংশ্লিষ্ট কমিটি কী কারণে কক্সবাজারে এজিএম করার প্রস্তাব দিয়েছে, সেটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বললেন, "এজিএম কমিটি অনেক কিছু যাচাই-বাছাই করে কক্সবাজারে এজিএম করার প্রস্তাব দিয়েছে। তারা যে হিসাব দেখিয়েছে, তাতে ওখানে এজিএম করলে ঢাকার চেয়ে বেশি খরচ হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.
bdnews24