ঢাকা, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথাটা নিজের কানে শোনেননি তবে তার দল ওল্ড ডিওএইচএসের অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়রের কাছে শুনে ভীষণ জেদ চেপে গিয়েছিল। পণ করেছিলেন মোহাম্মদ আশরাফুলকে দেখে ছাড়বেন। কিন্তু সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগের সেরা বোলার আবুল হাসান রাজু সেই সুযোগটাই যে পাননি, "গাজী ট্যাঙ্কের সঙ্গে ম্যাচের দিন মেহরাব ভাইয়ের কাছ থেকে শুনলাম আশরাফুল ভাই বলেছেন, আমার বল নাকি খুব পেটাবেন তিনি। আমিও তো ছেড়ে দেওয়ার পাত্র নই। কিন্তু আমি বোলিংয়ে আসার আগেই উনি রানআউট হয়ে গেলেন।"
তার দল সুপার লিগে না ওঠায় দ্বিতীয়বার আর গাজী ট্যাঙ্কের সঙ্গে দেখা হয়নি। কাজেই বাংলাদেশ অধিনায়ককেও আর বাজিয়ে দেখা হয়নি প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেটে খেলেই বাজিমাত করে দেওয়া রাজু। মাত্র ১০ ম্যাচ খেলেই যেখানে সর্বোচ্চ ২৯ উইকেট তার নামের পাশে, সেখানে দ্বিতীয় সেরা বোলার সাব্বির রহমান ২৮ উইকেট নিতে খেলেছেন ১৬ ম্যাচ। অবশ্য আশরাফুলকে বল করার সুযোগ না হলেও তার প্রশংসা নিজ কানেই শুনেছেন গত মৌসুমেও দ্বিতীয় বিভাগে ইয়াং ক্রিকেটার্সের হয়ে খেলা এই ডানহাতি পেসার, "আশরাফুল ভাই আমাকে বলে গেছেন, 'তোর স্লোয়ারটা খুব কাজের। এটা ধরে রাখিস।" স্লোয়ার আমার অনেক বড় অস্ত্র।"
যে অস্ত্রে তামিম ইকবালকে ঘায়েল করার স্মৃতি এখনো বেশ টাটকা, "আবাহনী ম্যাচে ওভারের প্রথম বলটা বাইরে দিয়েছিলাম। তামিম ভাই খুব জোরে মারলেনও। চারই হওয়ার কথা ছিল, ভালো ফিল্ডিংয়ের জন্য একটি রানও হল না। পরের চারটি বল এক জায়গায় ফেললাম। কোনো রান হয়নি। ওভারের শেষ বলে দেওয়া স্লোয়ারটা উনি একদমই বুঝতে পারেননি। এলবিডাব্লিউ হয়ে যান। তামিম ভাইকে ওভাবে আউট করে খুব মজা পেয়েছি।" তাকে প্রিমিয়ার ক্রিকেটে খেলার সুযোগ করে দেওয়া খালেদ মাহমুদ সুজনও বললেন, "বল নিয়ে খুব ভালো কারিকুরি করতে পারে ও। রিভার্স সুইংও করাতে পারে, তবে ওর স্লোয়ারটা খুবই কার্যকর।"
কিন্তু মৌলভীবাজার জেলার মফস্বল শহর কুলাউড়ার এই ছেলের খোঁজ পেলেন কী করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক? জবাবটা তার মুখ থেকেই শুনুন, "গত জাতীয় লিগের সিলেট দলে ও ছিল। শুরুতেই আমার নজর কেড়েছিল। মনে হচ্ছিল ওর দ্বারা বড় কিছু করা সম্ভব।" দ্বিতীয় বিভাগ থেকে একেবারে প্রিমিয়ারে খেলার সুযোগ করে দেওয়ার জন্য মাহমুদের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই রাজুর, "চাচা তখন সিলেট দলের কোচ। আমাকে একদিন জিজ্ঞেস করলেন, প্রিমিয়ারে খেলবো কিনা। আমি কী আর রাজি না হওয়ার লোক। টাকা-পয়সার কোনো ডিমান্ড ছিল না, শুধু চাচাকে বলেছিলাম আমাকে সবগুলো ম্যাচ খেলার সুযোগ করে দিতে।"
দ্বিতীয় বিভাগ থেকে একেবারে প্রিমিয়ারে বল করার সুযোগ পেয়ে কী বুক কেঁপে ওঠেনি তার? উঠেছিল তবে প্রথম ম্যাচের সাফল্যে আর পেছন ফিরে তাকাতে হয়নি, "প্রথম প্রথম তো খুব ভয় করছিল। কিন্তু সিটি ক্লাবের সঙ্গে প্রথম ম্যাচেই ২১ রানে ৫ উইকেট মেরে দেওয়ার পর আর কিসের ভয়!" এরপর থেকে তার ম্যাচ খেলতে নামা মানেই ছিল তিনের নামতা পড়ে নামা। প্রতি ম্যাচেই গড়ে তিনটা করে উইকেট নিয়েছেন যে! খেলা নিয়ে মেতে থাকায় আঠারোতে পা দিয়েও এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তার। তবে আগামীবার অবশ্যই পরীক্ষাটা দেবেন বলে জানালেন কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ও ১৭ দলের হয়ে খেলার পর এখন অনুর্ধ্ব-১৯ দলের এই পেসার ক্রিকেটার হয়েছেন বাবার ইচ্ছায়। কুলাউড়ার ইস্পাহানী টি এস্টেটের সাবেক চাকুরে বাবা আব্দুল খালেক আট বছর বয়সে ছেলের হাতে ব্যাট-বল তুলে দিয়েছিলেন। কিন্তু এখন বাবার কথা উঠতেই দীর্ঘশ্বাস ছাড়েন রাজু, "আব্বুর স্বপ্ন ছিল ক্রিকেটে ভালো কিছু করায় আমাকে টিভিতে দেখানো হচ্ছে। সেদিন আমাকে টিভিতে দেখানোও হল। কিন্তু বাবা নেই। গত কোরবানী ঈদের দুদিন আগে উনি হুট করে মারা গেলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.
bdnews24