ঢাকা, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হ্যাটট্টিক শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, যে কারণে প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ ম্যাচে সূর্যতরুণের কাছে হারেও তেমন কিছু এসে যায়নি আবাহনীর। রোববার বিকেএসপিতে ৪ উইকেটে জেতা সূর্যতরুণ হারলেও যেমন তাদের রানার্স আপ হওয়া ঝুলে যেত না। তবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে মোহামেডান-বিমান ম্যাচটি আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। সেটিতে ৬ উইকেটের জয় কোনোমতে সুপার লিগে ওঠা মোহামেডানকে এনে দিয়েছে তৃতীয় হওয়ার আনন্দ। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের শেষ দিনে জিতেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সও। পারটেক্সের বিপক্ষে ৩০ রানের জয় তাদের।
লিগের প্রথম পর্বে গাজী ট্যাঙ্কের বিপক্ষে মাত্র ১০৫ রানে অলআউট হওয়ার ঘটনা ছাড়া আর এমন চেহারায় দেখা যায়নি চ্যাম্পিয়ন আবাহনীকে, যেমনটা দেখা গেল এদিন। টস জিতে ব্যাটিংয়ে নামার পর মাত্র ৩৬.৩ ওভারেই ১২৬ রানে শেষ তাদের ইনিংস। এরমধ্যে আবার শতকরা ৬০ ভাগ রান করেছেন তাদের ভারতীয় ক্রিকেটার রেশমি রঞ্জন পারিতার ব্যাট থেকে। ৮২ বলে তার অপরাজিত ৭৬ রানের ইনিংসটি না হলে আসলে শেষটা আরো বাজে হত আবাহনীর। মাশরাফি বিহীন আবাহনীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন নাদীফ চৌধুরী। ৭ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে সূর্যতরুণের পেসার শফিউল ইসলামও আবাহনীকে অল্পতে গুটিয়ে দিতে রেখেছেন বড় ভূমিকা। এজন্য ম্যাচ সেরাও হয়েছেন তিনিই। লেগস্পিনার সাব্বির রহমানও ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট।
টার্গেট মাত্র ১২৭ রান হলেও এই রান তুলতে রীতিমতো নাভিশ্বাস উঠে গিয়েছিল সূর্যতরুণেরও। জয়ের তীরে পৌছাতে তাদেরও লেগেছে ঠিক ৩৬.৩ ওভার। তবে ততোক্ষণে ৬ উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেছেন রাজিন সালেহ। এর আগে ৩৩ রান করে আউট হয়ে যান টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পাওয়া হান্নান সরকার। শেষ ম্যাচে এসে দ্বিতীয় হারের মুখ দেখা আবাহনী লিগ শেষ করলো ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে। সমানসংখ্যক ম্যাচ থেকে চার ম্যাচ হারা সূর্যতরুণের সংগ্রহ ২৪ পয়েন্ট। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হওয়া মোহামেডানের (হার ছয়টিতে) পয়েন্ট ১৯ এবং বিমানের (সাত ম্যাচে হার) ১৮। পঞ্চম হওয়া গাজীরও ১৮ এবং ষষ্ঠ স্থান পাওয়া পারটেক্সের পয়েন্ট ১৪।
পাকিস্তানি ক্রিকেটার জাহিদ নিয়াজ (৫০) ও মুশফিকুর রহমানের (৭৯) ফিফটিতে ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল বিমান। এরপরও ৫ ওভার বাকি থাকতেই মোহামেডানের সহজ জয়ের কারণ শামসুর রহমান শুভ'র ঝড়ো ব্যাটিং। সুপার লিগে আবাহনীর বিপক্ষে ৯৭ রানে আউট হওয়া এই ব্যাটসম্যান এদিনও সেঞ্চুরি মিস করেছেন। তবে রান আউট হওয়ার আগে তার ৯৭ বলে সাত চার ও তিন ছক্কায় সাজানো ৯৮ রানের ইনিংসটা জয়ের পথে অনেকদূর এগিয়ে দিয়ে যায় দলকে। ৩৪.২ ওভারে দলকে ৪ উইকেটে ১৭৭ রানে রেখে যাওয়ার পর বাকি কাজটা সেরেছে মার্শাল আইয়ুব (৫১*) ও ফয়সাল হোসেনের (৪৫*) ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি। বিমানের বোলিংকে একাই ছিন্নভিন্ন করে দেওয়া শামুসর ছাড়া আর কারোরই ম্যাচ সেরা হওয়ার কথা ছিল না।
আইপিএল খেলতে রওনা হওয়ার আগে গাজী ট্যাঙ্কের শেষ ম্যাচটাও খেলে গেছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শেষ ম্যাচে মাত্র ১০ রান করে রানআউট হয়ে গেলেও ওপেনার ইমরুল কায়েসের সেঞ্চুরিতে (১০২) বড় সংগ্রহই দাঁড় করায় গাজী। তার সঙ্গে ১১৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়া মোহাম্মদ মিথুন (৫৯) ছাড়াও ফিফটি করেছেন নাঈম ইসলামও (৫৮*)। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৫ রান তোলে গাজী। জবাবে কখনোই জেতার মতো পরিস্থিতি তৈরি করতে না পারলেও খারাপ করেনি পারটেক্সও। ৪৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে তুলেছে ২৩৫ রান। ম্যাচ সেরা হয়েছেন ইমরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24