২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করল আবাহনী

আগের ম্যাচেই হ্যাটট্রিক শিরোপার উৎসব সেরে ফেলেছিল তারা, তবু অংকের হিসেবে ফাঁক রয়ে গিয়েছিল একটা। শুক্রবার বিমানকে ৩ উইকেটে হারিয়ে সেই ফাঁকটা দূর করে আবাহনী নিশ্চিত করল তাদের তৃতীয় হ্যাটট্রিক শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগের ম্যাচেই হ্যাটট্রিক শিরোপার উৎসব সেরে ফেলেছিল তারা, তবু অংকের হিসেবে ফাঁক রয়ে গিয়েছিল একটা। শুক্রবার বিমানকে ৩ উইকেটে হারিয়ে সেই ফাঁকটা দূর করে আবাহনী নিশ্চিত করল তাদের তৃতীয় হ্যাটট্রিক শিরোপা। ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৮, শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সূর্যতরুণের। রানার্স আপ নিশ্চিত করে ফেলা সূর্যতরুণ এদিন ৫ উইকেটে হেরেছে গাজী ট্যাঙ্কের কাছে। অন্য ম্যাচে রকিবুল হাসানের ১৭১ রানের ইনিংসের ওপর ভর করে মোহামেডান ৫৪ রানে হারিয়েছে পারটেক্সকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বিমান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছিল ২২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন দুজন, সানোয়ার হোসেন এবং মাহবুবুল আলম। আবাহনীর চার বোলার তালহা, শাহাদাত, আরাফাত সানি এবং ইমরান দুটো করে উইকেট পান। জবাব দিতে নামা আবাহনী ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। মাশরাফির অনুপস্থিতিতে আবাহনীকে নেতৃত্ব দেয়া অধিনায়ক ইমরান আহমেদ সর্বোচ্চ ৫৬ রান করেন। সগীর হোসেন করেছেন ৪০। ক্রিকেট লিগে এটা আবাহনীর তৃতীয় হ্যাটট্রিক শিরোপা। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম হ্যাটট্রিক শিরোপা লাভের পর গত দশকের মাঝামাঝি আবার সেই কৃতিত্বের পুনরাবৃত্তি করেছিল আবাহনী। জাতীয় দলের অধিনায়ক আশরাফুল সুপার লিগে তারা চতুর্থ ফিফটি করেছেন, সুবাদে তার দল গাজী ট্যাঙ্ক ৫ উইকেটে হারিয়েছে সূর্যতরুণকে। যদিও অন্যান্য ম্যাচের হিসাব-নিকাশে এই হার সত্বেও রানার্স আপ নিশ্চিত হয়ে গেছে সূর্যতরুণের। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২২, শেষ রাউন্ড বাকি থাকা অবস্থায় তাদেরকে টপকে যাওয়ার সুযোগ নেই আর কারো। এই রাউন্ড পর্যন্ত যে শিরোপার গাণিতিক হিসাব দূর করার জন্য আবাহনীকে অপেক্ষা করিয়েছিল আসলে তারা। শুক্রবার আবাহনী হারলে এবং তারা জিতলে অপেক্ষাটা গড়াত শেষ রাউন্ড পর্যন্ত। কিন্তু তার প্রয়োজন ফুরিয়ে যায় আবাহনী জিতে যাওয়াতে, তারপর সূর্যতরুণ নিজেরাও হেরে গেছে। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সূর্যতরুণ অলআউট হয়েছিল ১৯৬ রানে। বল হাতে তাদের সর্বনাশ করেন আশরাফুল, তার লেগস্পিনে ৪১ রানে ৪ উইকেট নিয়ে। তারপর ব্যাট হাতে ৯৪ বলে ৬৭ রান করে জাতীয় দলের অধিনায়ক নিশ্চিত করেন দলের জয়। অধরাবাহিকতা যার প্রধান সমস্যা সেই আশরাফুল সুপার লিগে ধারাবাহিকতার প্রতীক। এটা তার টানা চতুর্থ ফিফটি। লিগের শেষ ভাগে এসে জ্বলে উঠছেন জাতীয় দলের অন্যরাও। রকিবুল হাসানের শুক্রবারের পারফরম্যান্সকে অবশ্য শুধু জ্বলে ওঠা বললে কম বলা হয়, ১৭১ রানের এক বিশাল ইনিংস খেলেছেন দলের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামা এই ব্যাটসম্যান। ১৪৮ বলে ১৬টি বাউন্ডারি এবং দুটো ছক্কায় সাজানো এই ইনিংসের সুবাদে মোহামেডান ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৮৯ রান। জবাব দিতে নেমে পারটেক্স ৪৪.৩ ওভারে অলআউট হয় ২৩৫ রানে। মুশফিকুর রহিম ৮১ এবং তারিক আহমেদ ৬৪ রান করলেও সেগুলো রকিবুলের জবাব হিসেবে যথেষ্ট ছিল না। এই জয়ে মোহামেডানের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ১৭, শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বিমান, যাদের পয়েন্ট ১৮। অর্থাৎ ঐ ম্যাচ দিয়েই নির্ধারিত হবে তৃতীয় স্থান। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারিত হবে পারটেক্স এবং গাজী ট্যাঙ্কের ম্যাচ দিয়ে। পারটেক্সের পয়েন্ট ১৪, গাজী ট্যাঙ্কের ১৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০০৪ঘ.