লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম চার ম্যাচের দুটি করে জিতেছে দুদল, আগামী শুক্রবার সেন্ট লুসিয়ার ম্যাচটা তাই হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের 'ফাইনাল'। আর সেই ফাইনালের আগে দুদলের জন্যই খারাপ খবরগুলো ভালো হয়ে উঠছে!
দলের সেরা খেলোয়াড়রা এই ম্যাচ বর্জনের কথা ভাবায় বেশি বিপদে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই। আইপিএল আর ইংল্যান্ড সফর নিয়ে বোর্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেই ঝামেলা পুরোপুরি না মিটলেও মিটে যাওয়ার পথে। সেন্ট লুসিয়ার ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রায়ান ক্যালিক্সটে তাই আশাবাদী, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পুরো শক্তির দলই খেলাতে পারবে এমন সম্ভাবনা শতকরা নব্বই ভাগ।
দুদিন আগে খোদ ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্রিস গেইল বলেছিলেন, বোর্ডের সঙ্গে ঝামেলা না মিটলে এই ম্যাচ বয়কটের সম্ভাবনা আছে।
ঝামেলাটা বেঁধেছে এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের সময়সূচি মিলে যাওয়ায়। মিলে যাওয়া কাকতালীয় হলেও কথা ছিল, কিন্তু আইসিসির মূল পরিকল্পনার বাইরের এই সফরের প্রস্তাবটা গ্রহণ করার সময়ই ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ড জানতো এমনটা ঘটবে। কারণ, নিজেদের খেলোয়াড়দের আইপিএলে খেলার সুযোগ করে দিতে শ্রীলঙ্কা ইংল্যান্ড সফর বাতিল করার পরই এই সফরের প্রস্তাব পেয়েছে তারা। কিন্তু প্রস্তাবটা গ্রহণ করার আগে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন মনে করেনি ডব্লুআইসিবি।
এদিকে, একটা সুখবর আছে ইংলিশদের জন্যও। রোববার চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে জয় পেলেও দলের সেরা দুই খেলোয়াড় কেভিন পিটারসেন আর অ্যান্ড্রু ফ্লিন্টফকে হারানোর শঙ্কা পেয়ে বসেছিল তাদের। ওই ম্যাচে খেলার সময় পিঠে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে হয়েছিল পিটারসেনকে, আর ফ্লিন্টফ চোট পেয়েছিলেন বুড়ো আঙুলে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের কারো চোটই এমন নয় যে তারা শুক্রবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না।
এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে অবশ্য একটা পরিবর্তন হয়েছে, ইনজুরিতে পড়া বাঁহাতি স্পিনার নিকিতা মিলারের জায়গায় সুলেমান বেনকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১২ উইকেট পেয়েছিলেন বেন।
bdnews24