ঢাকা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দিন-দুয়েকের মধ্যেই আইপিএল খেলতে রওনা হওয়ার কথা তার। এর আগে আবাহনী সমর্থকদের এমন উৎসব দেখে যাওয়ার স্বপ্নই দেখেছিলেন মাশরাফি বিন মর্তুজা, "টোয়েন্টি টোয়েন্টির শিরোপা জিততে না পারায় খুব খারাপ লেগেছিল। এরপর লক্ষ্য ছিল প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হতেই হবে। আইপিএলে যাওয়ার আগে এই অর্জনটা দেখে যাওয়ার খুব ইচ্ছে ছিল।" মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পারটেক্সকে ৭৬ রানে হারিয়ে সেই অর্জনের চৌকাঠ 'প্রায়' পেরিয়ে যাওয়ার পর ব্যান্ড পার্টি নিয়ে হাজির হওয়া সমর্থকদের মধ্যমণিও হয়ে গেলেন আবাহনী অধিনায়ক। আগের ম্যাচেই ব্যাট হাতে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে খুন করার পর এই ম্যাচেও একইরকম বিধ্বংসী তিনি। এবং আবারো ম্যাচের সেরা খেলোয়াড়।
পারটেক্সের শেষ উইকেটটা পড়ার সঙ্গে সঙ্গেই বাদ্য-বাজনা বাজাতে বাজাতে গ্যালারি থেকে মাঠে নেমে এলেন সমর্থকরা। তাদের মাঠ দাপানোর পাশাপাশি হ্যাটট্টিক শিরোপা জয়ের মিষ্টিমুখও করানো হয়ে গেল উপস্থিতদের। তবুও আবাহনীকে 'প্রায়' চ্যাম্পিয়ন বলার কারণ সূর্যতরুণের গাণিতিক সম্ভাবনা। যদিও সেই অঙ্ক মেলাতে গেলে অলৌকিক কিছু ঘটতে হবে। এদিন বিকেএসপিতে বিমানকে ডাকওয়ার্থ-লুইস মেথড অনুযায়ী ১১ রানে হারানোয় সূর্যতরুণের পয়েন্ট এখন ২২। তারা সুপার লিগের বাকি দুটো ম্যাচই জিতলে (একটা আবাহনীর বিপক্ষে) এবং আবাহনী শেষ দুই ম্যাচে হারলে দু'দলেরই সমান ২৬ পয়েন্ট হয়। বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথম বিবেচ্য 'হেড টু হেড'। প্রথম পর্বে আবাহনী জেতায় এখানেও সমান-সমান হয়ে গেলে আসবে রান-রেটের হিসাব। এখানে আবাহনী এতোটাই এগিয়ে যে তারা ব্যাটিংয়ে চরম লজ্জাজনক কিছু না করলে সূর্যতরুণের কোনো সুযোগই নেই।
৫ এপ্রিল সূর্যতরুণের মুখোমুখি হওয়ার আগে ৩ তারিখে বিমানকে হারিয়ে দিলেই অবশ্য সব ল্যাঠা চুঁকে যায় আবাহনীর। তবে এদিন শুধু রান- রেটের অঙ্ক মাথায় রেখেই শিরোপার আগাম উৎসব সেরে ফেলল তারা। বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান যত
bdnews24