ঢাকা, ৬ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে গাজী ট্যাঙ্ক ও ভিক্টোরিয়া। শুক্রবার গাজী ট্যাঙ্ক ৪ উইকেটে ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়া ৫৪ রানে জিতেছে ইয়াং পেগাসাসের বিপক্ষে।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাজু দত্ত (৪/৩২) ও মুকতার আলীর (৩/৪১) দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ২১৪ রানের বেশি করতে পারেনি ওল্ড ডিওএইচএস। সর্বোচ্চ ৪৯ রান এসেছে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান ওয়াসিম নাঈমের। জবাবে ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুলের দুটো কার্যকর ইনিংসের সুবাদে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। ইমরুল ৫২ ও জাতীয় দলের অধিনায়ক আশরাফুল মাত্র ২৯ বলে ৪২ রান করেছেন।
বিকেএসপিতে অনুষ্ঠিত অন্য ম্যাচে অমিত মজুমদার (৭০), শরীফুল্লাহ (অপরাজিত ৬৮) ও ফয়সাল আতহারের (৫১) ফিফটির সুবাদে ৫ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ গড়েছে টস জয়ী ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে হুমায়ুন কবির ৬৪, ফয়সাল জাভেদ ৪৭ ও ইফতেখার নাঈম ৪৫ রান করলেও ৪৭.২ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে গেছে ইয়াং পেগাসাস। তারিকুল ইসলাম ৪২ রানে ৪টি এবং রায়হান আনাস ৪৫ রানে ৩টি উইকেট নিয়েছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এআর/এএআর/২০০৪ঘ.
bdnews24