ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচের বিষয়ে সিদ্ধান্তটা চূড়ান্ত না হলেও সেটা মিরপুর স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা বেশি। মঙ্গলবার বিডিনিউজ ২৪ ডটকমকে সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারটা নিশ্চিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মিরপুরে হবে নাকি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই বিতর্কে গত কিছুদিন ধরেই উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। নানারকম মতামত শোনা গেলেও সরকারের মনোভাবটা জানা যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলার পর মঙ্গলবার বিডিনিউজ ২৪ ডটকমকে ক্রীড়া প্রতিমন্ত্রী নিশ্চিত করে জানালেন, ''প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই আয়োজন করতে চাই আমরা।''
তার রেশ ধরেই প্রশ্ন আসে উদ্বোধনী ম্যাচ নিয়ে, কারণ এবার আইসিসি চাইছে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে সমস্যা নেই, পুরোপুরি ফুটবলকে দিয়ে দেয়াতে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েই সমস্যা। ক্রীড়া প্রতিমন্ত্রীও সেরকমই মনে করেন, ''দেখুন এখানে ক্রিকেট ম্যাচ করতে গেলে বেশ কিছু সমস্যা হবে। অ্যাথলেটিকস ট্র্যাক তুলতে হবে, সেটা অনেক খরচের ব্যাপার।'' মানে পরিষ্কার ঘোষণা না করলেও মন্ত্রীর যে ইঙ্গিত তাতে মোটামুটি স্পষ্ট যে উদ্বোধনী ম্যাচটা মিরপুরে আয়োজনে তাদের কোনো আপত্তি নেই।
তারপরও সমস্যা থাকে একটা। আইসিসি যে চাইছে উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান একইদিনে করতে? সেক্ষেত্রে একই দিনে দুটো দুই মাঠে করাটা তো একটা সমস্যা। ক্রিকেট বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম অবশ্য আগেই জানিয়েছেন, ''আমরা আইসিসিকে প্রস্তাব দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন উদ্বোধনী ম্যাচ আয়োজনের। আশা করি তারা আমাদের প্রস্তাব মেনে নেবে।'' এই প্রস্তাব মেনে নিলে অবশ্য আর কোনো সমস্যা হবে না। উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা স্টেডিয়ামে করে নির্বিঘে
bdnews24