ঢাকা, ১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফলপ্রসু আলোচনার পর অচিরেই ইন্ডিয়ান ক্রিকেট লিগকে (আইসিএল) তাদের পরবর্তী সভায় অনুমোদন দিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), এমনই শুনেছিলেন 'ঢাকার যোদ্ধারা'। তাই হাবিবুল বাশাররা তাকিয়ে ছিলেন ৩১ জানুয়ারি ও ১ ফেব্র"য়ারি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ড মিটিংয়ের দিকে। কিন্তু এই সভায় আইসিএল কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির আরো আলোচনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। যার ফলে আইসিএলের অনুমোদন পাওয়ার বিষয়টা পিছিয়ে গেছে আরো এক দফা। এতে ভীষণ হতাশ আইসিএলে ঢাকা ওয়ারিয়র্স দলের ক্রিকেটাররা।
অধিনায়ক হাবিবুল বাশার এই মুহূর্তে ঢাকায় নেই। ঢাকা ক্লাবের হয়ে ক্রিকেট খেলতে তিনি এখন ভারতে। তবে এই দলের প্রতিনিধি হিসেবে শাহরিয়ার নাফীস বেশ কড়া প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন, "এটা দুঃখজনক যে আইসিসি একরকম ভারতীয় ক্রিকেট বোর্ডের এজেন্টের ভূমিকাই নিচ্ছে। সারা বিশ্ব আইসিএলের অনুমোদনের পক্ষে। শুধু ভারত চাচ্ছে না। অথচ আইসিসি শুধু তাদের কথাই শুনছে।" নাফীসরা আশায় ছিলেন, সদ্যসমাপ্ত বোর্ড মিটিংয়ে আইসিসি বিদ্রোহী ক্রিকেট লিগকে অনুমোদন দিয়ে দেবে এবং তাদের ওপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১০ বছরের নিষেধাজ্ঞাও উঠে যাবে। সেরকম কিছু হলে ২ ফেব্র"য়ারি (সোমবার) থেকে আইসিএলের পরবর্তী মৌসুমের প্রস্তুতিটা অন্যরকম আনন্দ নিয়েই শুরু করতে পারতেন তারা।
তবে অনুমোদন মেলেনি বলে তা থেমেও থাকছে না। অনুশীলনের জন্য ইতিমধ্যে বুয়েট মাঠ ভাড়াও করে ফেলা হয়েছে ঢাকা ওয়ারিয়র্সের পক্ষ থেকে। অনুশীলনের জন্য মাঠ পেতে তাদের বেশ গলদঘর্মই হতে হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বিসিবির প্রশিক্ষণ সুবিধাদি আছে এবং তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলে, এমন কোনো মাঠে অনুশীলনেরও উপায় ছিল না ঢাকা ওয়ারিয়র্সের ক্রিকেটারদের। আইসিএল অনুমোদন পেয়ে গেলে এতো ঝামেলা আর পোহাতে হত না। এজন্যই নাফীসের হতাশা বেড়ে যাচ্ছে আরো, "ভেবেছিলাম আইসিসি অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু এখন যা হল, তাতে হতাশ হওয়া ছাড়া আর কীইবা করার আছে! আইসিসি হংকং সিক্স-এ-সাইড-কে স্বীকৃতি দিতে পারে অথচ আইসিএলকে নয়। এটা লজ্জাজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24