করাচি, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার ৯ মাস পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) ইজাজ বাট বলছেন, নিরাপত্তার কারণে ওই টেস্ট ম্যাচটি তারা লাহোরের বদলে করাচিতে আয়োজন করতে চেয়েছিলেন। এ জন্য সরকারের কাছে অনুমতিও চেয়েছিলেন। কিন্তু সরকার তা নাকচ করে দেয়।
বাট এক টেলিভিশন চ্যানেলকে বলেন, 'সরকারের এক শীর্ষ কর্মকর্তা আমাদের পরামর্শ উড়িয়ে দেন।'
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শ্রীলঙ্কা দলের ওপর হামলার তদন্ত প্রতিবেদনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার জন্য দায়ী লোকদের চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, "আমি কারো নাম বলতে চাই না। তবে যে কেউ ইচ্ছা করলেই তদন্ত রিপোর্ট দেখতে পারেন।"
তৃতীয় দিনের খেলার জন্য ৩ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কার ক্রিকেটার বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে আহত হন পাঁচ খেলোয়াড় ও সহকারী কোচ পল ফারব্রেস। সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় সফর। তারপর পাকিস্থানে অনুষ্ঠেয় ২০১১ বিশ্বকাপের খেলাগুলোও সরিয়ে নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩৯ ঘ.
bdnews24