২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাধ্যতামূলক হোম-অ্যাওয়ে সিরিজ উঠে যাচ্ছে

আইসিসির নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বাধ্যতামূলক হোম-অ্যাওয়ে সিরিজ বিষয়টি থাকছে না। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি ডেভিড মর্গান জানিয়েছেন, হোম-অ্যাওয়ে ভিত্তিক বর্তমান এফটিপি পরিবর্তন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসির নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বাধ্যতামূলক হোম-অ্যাওয়ে সিরিজ বিষয়টি থাকছে না। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি ডেভিড মর্গান জানিয়েছেন, হোম-অ্যাওয়ে ভিত্তিক বর্তমান এফটিপি পরিবর্তন করা হবে। সদস্যদেশগুলো যাতে বেশি করে তাদের পছন্দমতো সিরিজ খেলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আগামী এফটিপির খসড়া প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনকার এফটিপি অনুসারে ওয়ানডে বা টেস্টে পরস্পরের মাটিতে গিয়ে সিরিজ খেলা বাধ্যতামূলক। ছয় বছরের মেয়াদের বর্তমান এফটিপির মেয়াদ ২০১২ পর্যন্ত। নতুন খসড়ানুযায়ী দেশগুলো নিজদেশ বা প্রতিপক্ষের মাটিতে তাদের সুবিধামতো সিরিজ খেলতে পারবে। প্রসঙ্গত, প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন এফআইসিএ (ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) ও আইসিসির বর্তমান এফটিপির বিরোধিতা করে আসছিল। ক্রিকেটকে জনপ্রিয় করতে এ নিয়মের এফটিপি বাতিল এবং বার্ষিক টেস্ট ও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য গতমাসেই প্রস্তাব রেখেছে সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএস/এসি/১৯২৩ ঘ.