ঢাকা, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হোয়াইটওয়াশের স্বপ্নের জায়গায় এখন মান বাঁচানোর প্রশ্ন। সিরিজ নিশ্চিত করার পরিকল্পনা চাপা পড়ে এখন বলতে হচ্ছে সেটা বাঁচিয়ে রাখার সম্ভাবনা নিয়ে। এমন দিন বাংলাদেশের ক্রিকেটে আবার ফিরে আসবে কেউ ভাবেনি!
এমন দিনও একসময় ছিল যখন জিম্বাবুয়ের সঙ্গে ২ উইকেটের হারেও গৌরব ছিল। ফ্লাওয়ার ব্রাদার্স, হিথ স্ট্রিক, মারে গুডউইন, অ্যালিস্টার ক্যাম্পবেলরা তখন জিম্বাবুয়ের হয়ে খেলতেন, তখনকার সেই দল যাকে-তাকেও হারাত। কাজেই বাংলাদেশ লড়াই করে ২ উইকেটে হারলেও চলত। কিন্তু এখন! যখন জিম্বাবুয়ের ক্রিকেট পথ হারা পথিক, যখন তাদের ক্রিকেটাররা খেলা বাদ দিয়ে বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, যখন তাদের কেউ কেউ পুরোদস্তুর অভিবাসী, তখন বাংলাদেশ তাদের কাছে হারবে! তাও- নিজ দেশে! তা-ও টানা দু-দুবার! আর এই দুই মুষ্ঠাঘাতে বাংলাদেশের ক্রিকেট এমন টালমাটাল হয়ে গেছে যে ঠিক মনে থাকছে না এই সপ্তাহেই বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে খেলেছে। মনে থাকছে না যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একবার বলে-কয়ে হারিয়েছে, আরেকবার নাকানি-চুবানি খাইয়েছে। এই যখন পটভূমি তখন জয়টা কত প্রয়োজনের সেটা বলে-কয়ে বোঝানোর জিনিস নয়। সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এই কথাটা তাই প্রত্যাশিতই, ''ঐ ম্যাচটা হেরে আমরা খুব হতাশ। তবে আরো দুটো আছে। আমরা স্ট্রংলি কামব্যাক করতে চাচ্ছি। এই দুটো ম্যাচ জিতে সিরিজ জিততে চাই।''
গত ম্যাচে জিতে গেলেও প্রশ্নটা থাকত। হেরে যাওয়ার পর তো অবশ্যই এটা বড় প্রশ্ন যে কেন বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানে অলআউট হবে। এবং তারও আগে প্রশ্ন, কেন বাংলাদেশ আগে ব্যাটিং নিল। যেমন এটাও প্রশ্ন কেন আগের ম্যাচের অভিজ্ঞতার পরও মাশরাফির এক বা দুই ওভার শেষের জন্য রেখে দেয়া হয়নি? মাশরাফি ব্যাখ্যায় বলছেন,''টানা ৮ ওভার বল করার পর আশরাফুলের সঙ্গে আলাপ করেছি। সে বলল, আরেকটা ওভার করতে। তারপরও ব্রেক থ্রু না পাওয়ায় শেষ ওভার করার সিদ্ধান্ত নেই। আসলে ঐ সময়টাতে আরও একটা উইকেট আমাদের দরকার ছিল। ওটা পেয়ে গেলেই হয়ত...''
সেই উইকেটটা আর পাওয়া হয়নি। ম্যাচও জেতা হয়নি। কিন্তু আসলে ব্রেক থ্রুরও আগে প্রয়োজন ব্যাটসম্যানদের রানের হারানো পথটা ফিরে পাওয়া। টিম মিটিংয়ে এসব নিয়ে বিস্তারিত আলেচনা হয়েছে। সেখানে প্রথম পয়েন্ট অবশ্যই, টপ অর্ডার ব্যাটসম্যানদের যে কোনো মূল্যে রানে ফিরতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো, শুরুতে উইকেট পড়ে গেলে টার্গেটকে পুনর্বিন্যস্ত করা। এবং তৃতীয় বিষয়, শেষ পাওয়ার প্লের বোলিং। গত দুটো ম্যাচই তৃতীয় পাওয়ার প্লেতে হাতছাড়া হয়েছে বলে এখন ঠিক হয়েছে মাশরাফি আর সাকিবের বোলিং ঐ ৫ ওভারের জন্য জমিয়ে রাখা হবে।
তা যত পরিকল্পনাই হোক শেষ কথা হলো ম্যাচ জিততে হবে। ম্যাচ জিততে হলে রান করতে হবে। কত রান? বাংলাদেশ শিবির থেকে সুনির্দিষ্টভাবে জানা না গেলেও জিম্বাবুয়ে মনে করছে খেলার প্রায় অনুপযোগী মিরপুরের উইকেটে কোনোভাবে ১৭০-এর বেশি রান করলেই হবে। গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ রেমন্ড প্রাইস সেটা জানিয়ে ঘোষণা করে দিলেন, এই রান করলেই তারা মনে করেন কাজ হয়ে যাবে! কাজটা কার হবে? বাংলাদেশ তো এবার ৪ ম্যাচের কোনোটিতেই এত রান করতে পারেনি। তাহলে! মাশরাফি আশাবাদ শোনাচ্ছেন,''কিছুদিন আগেই কিন্তু এরচেয়েও শক্তিশালী বোলিংয়ের বিপক্ষেই তামিম-জুনায়েদরা রান করেছে। আশা করি কাল (বুধবার) তারা আবার নিজেদের ফিরে পাবে। এবং দারুণ একটা শুরু এনে দেবে।''
জুনায়েদ অবশ্য এ ই ম্যাচে রান করার কোনো সুযোগই পাচ্ছেন না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত বাংলাদেশ দলের ১২ জনে নাম নেই জুনায়েদ এবং এনামুল জুনিয়রের। একাদশ চূড়ান্ত না হলেও এটা নিশ্চিত হয়ে গেছে যে মেহরাব জুনিয়র তামিমের সঙ্গে ওপেন করবেন। একাদশের এই পরিবর্তন কি দলের সামগ্রিক পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারবে?
সবাই মাশরাফির মতো আশাবাদী হতে চায়। আবার ঘর পোড়া গরুর মতো ভয়ও পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০১০ঘ.
bdnews24