২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজের মাঝেই নিরুত্তাপ দলবদল

গ্রামীণফোন ত্রিদেশীয় কাপ ক্রিকেট শুরুর দিনই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটারদের দলবদলও। শনিবার শুরু হয়ে প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্রিকেটারদের তিনদিনের এই দলবদল চলবে সোমবার পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজের মাঝে পড়ে যাওয়ায় এবারের দলবদলটি নিরুত্তাপই হওয়ার কথা। খেলা থাকায় জাতীয় দলের ক্রিকেটারদেরও দল বদলাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় হাজিরা দেওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। তবে তাদের দল বেছে নেওয়ার কাজ ইতিমধ্যেই সারা হয়ে গেছে। বড় দলগুলোও ঘর গুছিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রামীণফোন ত্রিদেশীয় কাপ ক্রিকেট শুরুর দিনই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটারদের দলবদলও। শনিবার শুরু হয়ে প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্রিকেটারদের তিনদিনের এই দলবদল চলবে সোমবার পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজের মাঝে পড়ে যাওয়ায় এবারের দলবদলটি নিরুত্তাপই হওয়ার কথা। খেলা থাকায় জাতীয় দলের ক্রিকেটারদেরও দল বদলাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় হাজিরা দেওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। তবে তাদের দল বেছে নেওয়ার কাজ ইতিমধ্যেই সারা হয়ে গেছে। বড় দলগুলোও ঘর গুছিয়ে নিয়েছে। গত মৌসুমের দল মোহামেডান ছেড়ে এবার গাজী ট্যাংক ক্রিকেটার্সে নিজের যোগদান নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাকে দলে ভিড়িয়ে রীতিমতো সবাইকে চমকেই দিচ্ছে প্রিমিয়ারের নবাগত এই দলটি। যেখানে আশরাফুলের সঙ্গী হচ্ছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস এবং অফস্পিনিং অলরাউন্ডার নাঈম ইসলামও। গত বছর বিমানে যোগ দেওয়া জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক মৌসুম পরই আবার আবাহনীতে ফিরছেন। বর্তমান চ্যাম্পিয়নরা মাশরাফির সঙ্গে বিমানের টারমাক থেকে বের করে আনছে তামিম ইকবালকেও। এই দু'জনের সঙ্গে আছেন গত মৌসুমে ওল্ড ডিওএইচএসে খেলা পেসা নাজমুল হোসেনও। মোহামেডানের সঙ্গে কথাবার্তা একরকম চূড়ান্ত হয়ে গেলেও শেষপর্যন্ত বোধহয় বিমানেই যোগ দেবেন এই মুহূর্তে দেশের অন্যতম সেরা পারফরমার সাকিব আল হাসান। জাতীয় দলের দুই পেসার শাহাদাত হোসেন রাজীব ও মাহবুবুল আলম রবীনকেও বিমানেই দেখা যাওয়ার কথা। ১০ লাখ পারিশ্রমিক চাওয়ায় মোহামেডানের সঙ্গে মুশফিকুর রহিমের আলোচনা ভেস্তে গেছে বলে ক্রিকেটপাড়ার খবর। শেষমুহূর্তে কোনো রফা হলে এই ঐতিহ্যবাহী দলটিতেই দেখা যেতে পারে জাতীয় দলের উইকেটরক্ষককে। জাতীয় দলের রকিবুল হাসান ও পেসার সাজিদুল ইসলামের অবশ্য মোহামেডানে খেলা চূড়ান্ত হয়ে আছে। জাতীয় দলের ওপেনার জুনায়েদ সিদ্দিকী যাচ্ছেন গত মৌসুমে সুপার লিগে খেলা সূর্যতরুণে। মেহরাব হোসেন জুনিয়র ও মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন ওল্ড ডিওএইচএসের হয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.