সিডনি, ১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানটা অস্ট্রেলিয়ার কাছে অনেকটা 'চিরস্থায়ী বন্দোবস্ত'র মতো মনে হতে পারে! গত ১৩ বছরের মধ্যে মাত্র ৮ মাস শীর্ষে ছিল না তারা। কিন্তু নতুন বছরের শুরুতে সেই শ্রেষ্ঠত্ব হারানোর শঙ্কার সামনে রিকি পন্টিংয়ের দল। শনিবার থেকে সিডনিতে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে হেরে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে শুধু র্যাংকিংয়ের শীর্ষস্থানই হারাবে না, প্রায় সোয়া শ' বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাতেও পড়তে হবে অস্ট্রেলীয়দের।
সেই ১৮৮৭-৮৮ মৌসুমের পর কখনোই নিজেদের আঙ্গিনায় হোয়াইটওয়াশ না হওয়া অস্ট্রেলিয়া বহুদিন এতটা সঙ্কটের মধ্যে পড়েনি। প্রায় এক দশক ধরে ক্রিকেট-দুনিয়া শাসন করেছে তারা, জিতেছে টানা তিনটি বিশ্বকাপের শিরোপা। ক্বচিৎ-কদাচিৎ কোনো টেস্ট সিরিজে (যেমন ২০০১-এ ভারত সফরে কিংবা ২০০৫-এ ইংল্যান্ডে অ্যাশেজে) হেরে গেলেও অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সাহস পায়নি তাদের অতি বড় নিন্দুকও।
তবে ২০০৮ সাল সেই শ্রেষ্ঠত্বের ওপরে এঁকে দিয়ে গেছে এক বিরাট প্রশ্নচিহ্ন। বছরের শুরুতে ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজে হারালেও বিতর্কিত আম্পায়ারিং সেই জয়কে কলঙ্কিত করেছিল ভালোমতোই। অক্টোবর-নভেম্বরে নিজেদের মাঠে অনুষ্ঠিত চার টেস্টের সিরিজে পন্টিংয়ের দলকে ২-০ ব্যবধানে পর্যুদস্ত করে ভারত সেই অপমানের প্রতিশোধ নিয়েছিল নির্মমভাবে। তবে তখনো অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ জাগেনি ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ দেশে ফিরেই নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করতে তাদের সমস্যা হয়নি।
কিন্তু সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে দক্ষিণ আফ্রিকার চলতি অস্ট্রেলিয়া সফর। পার্থে চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করে অবিশ্বাস্যভাবে ৬ উইকেটে এবং মেলবোর্নে 'বক্সিং ডে' টেস্টে ৯ উইকেটের সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়াকে একেবারে মাটিতে নামিয়ে এনেছে প্রোটিয়ারা। মেলবোর্নের সাফল্য গ্রায়েম স্মিথদের প্রথম দক্ষিণ আফ্রিকান দল হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মধুর স্বাদও এনে দিয়েছে। এখন তাদের সামনে একটাই কাজ বাকি। সিডনিতেও জিতে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে অস্ট্রেলিয়াকে হটিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। আর স্মিথের দল সেটা করতে পারলেই ঘরের মাঠে প্রায় সোয়া শ' বছর বাদে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া।
একে তো প্রথম দুই টেস্টে প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি। তার ওপরে 'মড়ার ওপর খাঁড়ার ঘা'-এর মতো পন্টিংয়ের দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ব্রেট লি ও অ্যান্ড্রু সাইমন্ডসের ইনজুরিজনিত অনুপস্থিতি। স্বাগতিকদের তাই বাধ্য হয়ে হাত বাড়াতে হচ্ছে নতুন, অনভিজ্ঞদের দিকে। অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং দুই পেসার ডগ বোলিঙ্গার ও বেন হিলফেনহসের মধ্যে থেকে দুজনের তাই টেস্ট অভিষেক হচ্ছেই। যার অর্থ একেবারেই অনভিজ্ঞ এক বোলিং আক্রমণ নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। কারণ একাদশে থাকা সিমার পিটার সিডল ও অফস্পিনার নাথান হরিজের টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র তিনটি করে। ১৭টা টেস্ট খেলা মিচেল জনসনই এই দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার।
সমস্যাসঙ্কুল অস্ট্রেলিয়ার ঠিক বিপরীত অবস্থা দক্ষিণ আফ্রিকার। প্রথম দুই টেস্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই তাদের উজ্জ্বল পারফরম্যান্স দাঁড়াতেই দেয়নি পন্টিংয়ের দলকে। প্রোটিয়াদের বিপক্ষে সিডনিতে অবশ্য স্বাগতিকদের রেকর্ড দুর্দান্ত। এখন পর্যন্ত সেখানে ১০টি টেস্ট খেলে ৭টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, হেরেছে মাত্র একটিতে। সর্বশেষ ২০০৬-এর জানুয়ারিতে জ্যাক ক্যালিস ও অ্যাশওয়েল প্রিন্সের সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পন্টিংয়ের জোড়া সেঞ্চুরি ৮ উইকেটের সহজ জয় এনে দিয়েছিল তার দলকে।
তবে সেই দলের সঙ্গে অস্ট্রেলিয়ার এখনকার দলটির বিস্তর ব্যবধান। প্রোটিয়ারাও তিন বছর আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী, উজ্জীবিত। সিডনিতে পাল্লাটা তাই হেলে আছে স্মিথের দলের দিকেই।
বিবিসির সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪৫ঘ.
bdnews24