মুম্বাই, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনায় ভরা লড়াইয়ের আমেজ। ক্রিকেট মাঠে বর্ণবাদের ন্যক্কারজনক ঘটনারও কী অবতারণা নয়! ভারতের গত অস্ট্রেলিয়া সফরে হরভজন সিং আর অ্যান্ড্রু সাইমন্ডসের লজ্জাজনক ঘটনাটা তো ক্রিকেট-ইতিহাসেরই এক কলঙ্ক। দু দলের আগামী মাসের টেস্ট সিরিজ নিয়ে তাই বহু ক্রিকেটপ্রেমীই দুশ্চিন্তায়। তবে শচীন টেন্ডুলকারের দৃঢ় বিশ্বাস এই সিরিজে অন্তত বর্ণবাদ সংক্রান্ত কোনো ঝামেলা হবে না। বরং বর্ণবাদের বিষবাষ্পকে ভুলে গিয়ে দু দলের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব প্রতিফলিত হবে বলেই তার ধারণা।
এ বছরের জানুয়ারিতে সিডনি টেস্টে সাইমন্ডসকে 'বাঁদর' বলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল হরভজনকে। শুরু থেকেই অভিযোগটা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবী করেছিলেন 'ভাজ্জি'। সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডও দাঁড়িয়েছিল তার পাশে। শাস্তিটা প্রত্যাহারের দাবীতে সফরের মাঝপথে দলকে দেশে ফিরিয়ে আনার হুমকি পর্যন্ত দিয়েছিল তারা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের হুমকিতে কাজও হয়েছিল। সাসপেনশন নয়, শুধু জরিমানা দিয়েই সে যাত্রা পার পেয়ে যান হরভজন। তার মাস তিনেক আগে অস্ট্রেলিয়ার ভারত সফরে সাইমন্ডস আর ম্যাথু হেইডেনকেও ভারতীয় দর্শকদের বর্ণবাদী আচরণ সহ্য করতে হয়েছিল।
এবারের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তাই অনেকের মনেই আশঙ্কা। তবে তাদের আশ্বস্ত করছেন টেন্ডুলকার। 'লিটল জিনিয়াস'-এর বিশ্বাস, এবার দু দলই নেতিবাচক সব ব্যাপারকে পেছনে ফেলে পরস্পরের মুখোমুখি হবে, "আমি তো মনে করি না আমাদের মধ্যে কোনো বিভেদ আছে। ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকেই বলছি, আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার পাশাপাশি সঠিক স্পিরিট নিয়ে খেলতে চাই। আমি নিশ্চিত যে অস্ট্রেলীয়রাও একই কাজ করতে চায়।" আর অতীতের বর্ণবিদ্বেষমূলক দুঃখজনক ঘটনাগুলো প্রসঙ্গে তার ব্যাখ্যা, "আমি জানি যে প্রত্যেক সপ্তাহে এমন ঘটনা ঘটে না। যদিও অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে।"
সে সব ভুলে টেন্ডুলকার এখনো পুরোপুরি তার ব্যাটিংয়ের প্রতি নিবদ্ধ। ইনজুরির জন্য শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। আগামী সপ্তাহে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ দিয়ে মাঠেও ফিরছেন। ৯ অক্টোবর থেকে ব্যাঙ্গালোরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আরো কয়েকটা ম্যাচ খেলবেন 'দ্বিতীয় ডন'।
চার টেস্টের সিরিজে একটা ব্যাপার অবশ্য কিছুটা হলেও এগিয়ে রাখবে ভারতকে। সেটা অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ। শেন ওয়ার্ন প্রায় দু বছর আগে অবসরে গেছেন। ক্যারিয়ারের সিংহভাগ সময় 'ওয়ার্নি'র ছায়ায় ঢাকা পড়ে থাকা স্টুয়ার্ট ম্যাকগিলও এ বছরের মাঝামাঝি বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অস্ট্রেলিয়া দলে তাই ৩৬ বছরে বয়সে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন লেগস্পিনার ব্রাইস ম্যাকগেইন। অফস্পিনার জেসন ক্রেইজারও এখনো অভিষেক হয়নি। তবে স্পিন আক্রমণ অনভিজ্ঞ হলেও অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিতে রাজি নন টেন্ডুলকার। রিকি পন্টিংয়ের দলকে বরং সমীহের চোখেই দেখছেন তিনি, "আমরা সবাই জানি যে ওরা (অস্ট্রেলিয়া) বিশ্বের এক নম্বর দল। ওরা শক্তিশালী দল নিয়েই আমাদের এখানে আসছে। ওদের দলে এখনো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এমন তো নয় যে ওরা কোনো সিনিয়র খেলোয়াড় ছাড়া সম্পূর্ণ রূপান্তরিত দল নিয়ে আসছে!"
সেই দলের সঙ্গে ভারতের লড়াই মানেই পরতে-পরতে উত্তেজনার আবহ। এমনকি সা
bdnews24