ডাম্বুলা, শ্রীলঙ্কা, ২০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডেতে ১৪৩ তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। অথচ এই লক্ষ্যে পৌঁছাতে কম বিপদে পড়তে হয়নি ভারতকে। তবে ৭৫ রানে ৫ উইকেট হারালেও অধিনায়ক মহেন্দ্র ধোনি ও অভিষিক্ত বদ্রিনাথের দৃঢ়তায় জয় হাতছাড়া করেনি তারা। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে জহির খান ও প্রবীন কুমারের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ১৪২ রানে অলআউট করে দেয়া ভারত জিতেছে ৩ উইকেটে, ৬২ বল হাতে রেখে। আর তাই ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম হাসিটাও ভারতেরই। টস জিতেছেন ধোনি আর জিতেই একটুও দ্বিধা না করে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে শুরু থেকেই শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ওপরে ঝাঁপিয়ে পড়েছেন জহির ও প্রবীন। ইনিংসের দ্বিতীয় ও জহিরের প্রথম ওভারের শেষ বলে সাঙ্গাকারার বোল্ড হওয়ার মাধ্যমে স্বাগতিকদের দুর্দশার সূচনা। এর পর জয়াবর্ধনে, কাপুগেদেরা ও জয়াসুরিয়াকে জহির, চামারা সিলভাকে প্রবীন এবং দিলশানকে ইরফান পাঠান ফিরিয়ে দিলে ৬ উইকেটে ৪৪ রানে পরিণত হয় শ্রীলঙ্কা।
সেখান থেকে তুশারা-কুলাসেকারার ৭৪ রানের জুটি এক শ'র কমে অলআউট হওয়ার লজ্জা থেকে তাদের বাঁচিয়েছে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করা তুশারাকে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন প্রবীন। কুলাসেকেরার (২৫) উইকেটও তারই। সব মিলিয়ে ৩৪ রান খরচায় প্রবীনের শিকার তিন উইকেট। ভারতের সেরা বোলার অবশ্য তিনি নন, মাত্র ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত জহির।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের সূচনাও ভালো হয়নি। দলীয় ৮ ও ১৬ রানে ফিরে যান এই ম্যাচে ওপেনারের দায়িত্ব পালন করা ইরফান ও তিন নম্বরে নামা সুরেশ রায়না। দু জনের উইকেটই কুলাসেকারার। কোহলি ও যুবরাজ মিলে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করে দলকে ৫২ রানে পৌঁছে দেয়ার পর আবার ছন্দপতন। ২০ রান করে যুবরাজ অজন্তা মেন্ডিসের বলে এলবিডব্লু। স্কোরটা ৭৫ রানে যাওয়ার আবার ধাক্কা। এবার একটা নয়, দুটো। এক বলের ব্যবধানে কোহলি (৩৭) ও রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে ভারতকে ৫ উইকেটে ৭৫ রানে পরিণত করেন তুশারা। 'টিম ইন্ডিয়া' তখন আরেকটি পরাজয়ের আশঙ্কায় জর্জরিত।
তবে ধোনি ও বদ্রিনাথ ৬০ রানের জুটি গড়ে সেই শঙ্কা থেকে মুক্ত করেছেন দলকে। সর্বোচ্চ ৩৯ রান করা ধোনিকে ফার্নান্দো যখন বোল্ড করলেন তখন জয় থেকে মাত্র ৮ রান দূরে দাঁড়িয়ে ভারত। এরপর মেন্ডিস হরভজনকে এলবিডব্লু'র ফাঁদে ফেললেও তাতে কোনো লাভ হয়নি শ্রীলঙ্কার। ২৭ রানে অপরাজিত থেকে জয়ের আনন্দ উপভোগ করার পাশাপাশি অভিষেকটাও স্মরণীয় করে রেখেছেন বদ্রিনাথ।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৩৮.৩ ওভারে ১৪২ (জয়াসুরিয়া ১৩, সাঙ্গাকারা ২, জয়াবর্ধনে ২, কাপুগেদেরা ০, চামারা সিলভা ০, দিলশান ১৬, কুলাসেকারা ২৫, তুশারা ৪৪, মেন্ডিস ০, ফার্নান্দো ১২, মুরালিধরন ১১*, অতিরিক্ত ১৭; প্রবীন ৩/৩৪, জহির ৪/২১, মুনাফ ০/২৪, ইরফান ১/২১, হরভজন ২/২৬, যুবরাজ ০/১০)
ভারত : ৩৯.৪ ওভারে ১৪৩/৭ (ইরফান ৫, কোহলি ৩৭, রায়না ১, যুবরাজ ২০, ধোনি ৩৯, রোহিত ০, বদ্রিনাথ ২৭*, হরভজন ১, জহির ২*, অতিরিক্ত ১১; কুলাসেকারা ২/২৬, তুশারা ২/৩২, মেন্ডিস ২/২২, ফার্নান্দো ১/২৫, মুরালিধরন ০/৩১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪৬ঘ.
bdnews24