২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভনের প্রত্যাশিত এবং কলিউংডের অপ্রত্যাশিত পদত্যাগ

৪৩ বছর পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ইংল্যান্ডের জন্য বিরাট আঘাত! তাও একটি নয়, দুটি। রোববার এক সংবাদ সম্মেলনে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাইকেল ভন। পল কলিংউডও জানিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে তার সরে দাঁড়ানোর কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

লন্ডন, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৪৩ বছর পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ইংল্যান্ডের জন্য বিরাট আঘাত! তাও একটি নয়, দুটি। রোববার এক সংবাদ সম্মেলনে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাইকেল ভন। পল কলিংউডও জানিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে তার সরে দাঁড়ানোর কথা। শনিবার এজবাস্টন টেস্টে হেরে এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর থেকেই লন্ডনের বাতাসে ভাসছিল ভনের পদত্যাগের গুঞ্জনটা। সেটা আরো জোরালো হয়েছে রোববার দুপুরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি সংবাদ সম্মেলন ডাকায়। ধারণা করা হচ্ছিল, লাফবরোয় আয়োজিত ওই সংবাদ সম্মেলনেই ঘোষণাটা দেবেন ভন। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। কান্নাভেজা কণ্ঠে তিনি জানিয়েছেন, "আজ (রোববার) ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। সত্যি কথা বলতে কি, এটাই আমার নেয়া কঠিনতম সিদ্ধান্ত। সেই সঙ্গে সহজতমও বটে। পাঁচ বছর ধরে কাজটা ভালবেসে করলেও শেষ পর্যন্ত এটা ছেড়েই দিলাম। এই কাজে নিজের হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছিলাম। কিন্তু আমার মন কাজটা ছেড়ে দেয়ার কথাই বলেছে আমাকে।" পাঁচ বছর আগে অধিনায়ক হওয়ার পর ভনের নেতৃত্বে ইংল্যান্ড বেশ কিছু সাফল্য পেয়েছে। ২০০৫ সালে তার অধিনায়কত্বেই ১৮ বছর পর অ্যাশেজ জিতেছিল ইংলিশরা। তার আগের বছর অর্থাৎ ২০০৪এ জিতেছিল টানা ৮টি টেস্ট। কিন্তু ইদানিং সময়টা মোটেও ভাল যাচ্ছিল না ভনের। তার নেতৃত্বে ইংল্যান্ড প্রথম বারের মতো টানা দুই টেস্টে হেরেছে তো বটেই, প্রোটিয়াদের বিপক্ষে ৫ ইনিংসে তিনি নিজে করতে পেরেছেন মাত্র ৪০ রান। যদিও ব্যাট হাতে আবার জ্বলে ওঠার ব্যাপারে ইংল্যান্ডের বিদায়ী টেস্ট অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী, "আমার মনে হচ্ছিল (অধিনায়কত্ব) চালিয়ে গেলে আমার ক্যারিয়ার হঠাৎ করে থমকে যেতে পারে। আশা করি এই সিদ্ধান্ত আমার ক্যারিয়ারকে প্রলম্বিত করবে। আমি খেলা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি এখনো অনেক রান করার ক্ষমতা আছে আমার। আশা করি সিদ্ধান্তটা ভালো ভাবেই সাহায্য করবে আমাকে।" ভনের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত একরকম প্রত্যাশিত, কিন্তু কলিংউডের ক্ষেত্রে বিষয়টা মোটেও সেরকম নয়। মাত্র গত বছর ভনের কাছ থেকে ইংল্যান্ড ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া কলিংউডের সিদ্ধান্তে যৌক্তিকতা খুঁজে পাওয়াই ভার। এজবাস্টনে ইংল্যান্ড হেরে গেলেও তার ব্যাট থেকে এসেছে ১৩৫ রানের এক ঝকঝকে ইনিংস। তারপরও নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে ইংলিশ ক্রিকেটাঙ্গনকে চমকেই দিয়েছেন কলিংউড। রোববারের সংবাদ সম্মেলনে চমক জাগানো খবরটা জানানোর সময় ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিসকেও কম বিস্মিত মনে হয়নি, "পল কলিংউড নির্বাচকদের জানিয়েছেন যে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।" সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ইংল্যান্ড। এদিনই দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ টেস্টের দলও ঘোষণা করার কথা স্বাগতিকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/এমএম/২০১৫ঘ.