মুম্বাই, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দেখে আশা জেগেছিল তিনি আসবেন। কিন্তু বেশ কিছুদিনের পুরোনো কুঁচকির সমস্যার জন্য আবার মাঠের বাইরে থাকতে হচেছ শচীন টেন্ডুলকারকে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, আগামী ৬ জুন থেকে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে আসা তো হবেইনা, এমনকি ২৪ জুন থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও খেলতে পারবেন না ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের বেশ কিছু রেকর্ডের মালিক টেন্ডুলকার।
কুঁচকিতে সমস্যার জন্য গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট মিস করেছিলেন টেন্ডুলকার। তারপর ডাক্তারের পরামর্শে আইপিএল-এ মুম্বইয়ের প্রথম সাতটি ম্যাচেও বিশ্রামে থাকতে হয় তাকে। পরে মাঠে ফিরলেও পুরোনো চোট এখনো যে তাকে ভোগাচ্ছে বুধবার সেটাই জানালেন নিরঞ্জন শাহ্, "মুম্বাই ইন্ডিয়ান্সের ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলের পরামর্শ অনুযায়ী আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপে টেন্ডুলকার থাকছে না। কুঁচকির সমস্যা থেকে ও আসলে পুরোপুরি সেরে ওঠেনি।"
এমনিতে আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে মাঠে নামলেও পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি ওয়ানডের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিকের। ক'দিন আগে সিবি সিরিজের প্রথম দুই ফাইনালে ১১৭ ও ৯১ রানের দুর্দান্ত দুটো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসা টেন্ডুলকার এখানে ৩১.৩৩ গড় ও ১০৬ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ১৮৮ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বশেষ সিরিজ থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন জহির খান। চোট না সারায় তারও হয়তো ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ খেলা হবে না।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১০৫ঘ.
bdnews24