মোহালি, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এর প্রথম আসরে নিঃসন্দেহে অন্যতম বিস্ময়ের নাম শন মার্শ। পাঞ্জাব কিংস ইলেভেনের প্রথম চার ম্যাচে খেলেননি। কিন্তু লিগ পর্বে বাকি ১০ ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি! বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে তার ব্যাটের ঝড়েই উড়ে গেল রাজস্থান রয়্যালস। মার্শের ১১৫ রানের এক ঝোড়ো ইনিংসের সুবাদে ৩ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ গড়ে ম্যাচটা সহজেই ৪১ রানে জিতে নিয়েছে পাঞ্জাব।
৬৯ বলে ১১ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১১৫ রান --- এই পরিসংখ্যানেই পরিষ্কার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কতটা তান্ডব চালিয়েছে মার্শের ব্যাট। এই বিধ্বংসী ইনিংসের সুবাদে ৫৯৩ রান নিয়ে তিনি এখন আইপিএল-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে। তার চেয়ে তিন ম্যাচ বেশি খেলেও ৫২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দিল্লী ডেয়ারডেভিলসের ওপেনার গৌতম গম্ভীর। শুধু মার্শ একাই নন, রাজস্থানের বিপক্ষে জ্বলে উঠেছেন পাঞ্জাবের অধিনায়ক যুবরাজ সিং (১৬ বলে ৬ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৪৯) এবং মার্শের ওপেনিং সঙ্গী জেমস হোপসও (৩৫ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৫১)। সেই সুবাদে পাঞ্জাব গড়েছে রানের পাহাড়।
সেই 'পাহাড়' অর্থাৎ ২২১ রানের পিছু ধাওয়া করতে নামা রাজস্থান লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আগের ম্যাচে জয়ের নায়ক নীরাজ প্যাটেল (৩৯ বলে ১০ বাউন্ডারিতে ৫৭), ইউসুফ পাঠান (১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৯), কামরান আকমলরা (৮ বলে ৩ ছক্কা ও এক বাউন্ডারিতে ২৪) অনেক চেষ্টা করলেও ৭ উইকেটে ১৮০ রানের বেশি করতে পারেনি আগেই লিগ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করা রাজস্থান রয়্যালস। পীযূষ চাওলা ৩৫ রানে ৩ উইকেট নিলেও ম্যাচের সেরা কে হবেন তা নিয়ে বিন্দুমাত্র সংশয় জাগেনি কারো মনে। এখানেও শন মার্শ সবার ওপরে। বুধবার পঞ্চম বারের মতো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠলো অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও কোচ জিওফ মার্শ তনয়ের হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫৭ঘ.
bdnews24