কিংস্টন, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইনজুরির কারণে ওপেনিংয়ে নেই ম্যাথু হেইডেন। তার জায়গায় প্রায় তিন বছর পর দলে ফেরা সাইমন ক্যাটিচকে খেলিয়েও লাভ হলো না। ফিদেল এডওয়ার্ডসের জোড়া আঘাতে স্কোর ২ উইকেটে ৩৬, অস্ট্রেলিয়া খানিকটা কোণঠাসা। কিন্তু কিংস্টন টেস্টের প্রথম দিন শেষে দৃশ্যটা একেবারে উল্টো। রিকি পন্টিংয়ের ৩৫তম সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩০১ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া, প্রতিপক্ষকে বেশি এগোতে না দেয়ার কঠিন কাজটা এখন উইন্ডিজ বোলারদের।
ইনিংসের চতুর্থ ওভারে গালিতে ক্যাটিচকে ড্যারেন স্যামির ক্যাচে পরিণত করা আর আরেক ওপেনার ফিল জ্যাকস এলবিডব্লু -- এডওয়ার্ডসের এ দুটি সাফল্য স্বপ্ন দেখিয়েছিল ওয়েস্টইন্ডিজকে। ঝটপট আরো দু'একটা উইকেট ফেলে অস্ট্রেলিয়া-বধের কাজটা এগিয়ে রাখার স্বপ্ন। কিন্তু পন্টিংয়ের ব্যাটিং দেখে মনেই হয়নি অমন স্বপ্ন দেখার কোনো যৌক্তিকতা আছে। দেখে মনে হলো অস্ট্রেলিয়া-অধিনায়ক যেন গেল কয়েক মাস শুধু টেস্ট ম্যাচই খেলেছেন, ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টি একেবারেই খেলেননি। আসল সত্যিটা কিন্তু বিপরীত। পন্টিং সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন চার মাস আগে, ভারতের বিপক্ষে সেই ম্যাচেও খেলেছিলেন ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস। বৃহস্পতিবার স্যাবাইনা পার্কে তার ব্যাট থেকে এসেছে ২২৪ বলে ১৭টি মনোরম চার আর ১টি ছক্কায় সাজানো ১৫৮ রানের চমৎকার এক ইনিংস। ফলে ৩৫তম সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন ব্রায়ান লারা আর সুনীল গাভাস্কারকে। এখন সামনে শুধু শচীন টেন্ডুলকার (৩৯টি সেঞ্চুরি)।
অবশ্য কিংস্টনে পন্টিংয়ের এই সেঞ্চুরি বা অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর পেছনে এ ম্যাচে দলের সহ-অধিনায়ক মাইকেল হাসির অবদানও অনেক। অধিনায়কের সঙ্গে তার ১৩৭ রানের জুটিটাই পায়ের নিচে শক্ত মাটি দিয়েছে সফরকারীদের। জুটি ভাঙ্গে এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত অফ স্পিনার অমিত জ্যাগারনাথ হাসিকে (৫৬) ডোয়াইন ব্রাভোর ক্যাচ বানানোয়। তারপর ওয়েস্টইন্ডিজে তার টানা চতুর্থ টেস্টে পাওয়া সেঞ্চুরিকে আরো স্মারণীয় করতে ব্র্যাড হজের ৫৩*) সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১১৯ রান তোলেন পন্টিং। শেষ বিকেলে ডোয়াইন ব্রাভোর বলে পার্চমেন্টকে ক্যাচ না দিলে দ্বিতীয় দিনেও চলতো অস্ট্রেলিয়া-অধিনায়কের বোলার-শাসন। তা যে হচ্ছে না এটাই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সান্ত্বনা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮১০ঘ.
bdnews24