ঢাকা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তাদের পারফরম্যান্স দেখে বলার উপায় ছিল না যে তারা প্রিমিয়ারে নবাগত। সাত জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে প্রথম পর্ব শেষ করা বিকেএসপি সুপার লিগে এসেও 'দৈত্য বধ' করে চলেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে সোমবার তারা ৪ উইকেটে হারিয়ে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের মোহামেডানকে। এই হারে পয়েন্ট তালিকার তিন নাম্বারে (২০) নেমে গেল তারা। আর বিকেএসপি দুই নাম্বার মাঠে সিটি ক্লাবকে ৯৪ রানে হারিয়ে শীর্ষে থাকা বিমানের ঠিক পেছনে এসে দাঁড়ালো আবাহনী (২১)। সূর্যতরুণের বিপক্ষে ৬ উইকেটের জয় বিমানের (২৩) শীর্ষস্থান অটুট করেছে আরো।
অবশ্য সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে মোহামেডানের জাতীয় দলের ব্যাটসম্যানরা যারপরনাই হতাশ করেছেন। ব্যতিক্রম বলতে রাকিবুল হাসান। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ৫৭ রানেই ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৬২ পর্যন্ত পৌছাতে পেরেছে মোহামেডান। এছাড়া তাদের অন্য তারকা ব্যাটসম্যানদের অবস্থা বেহালই বলতে হয়। আগের ম্যাচেই অপরাজিত ৭০ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া আশরাফুল এ ম্যাচে বিকেএসপির পেসার রিয়াজ মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে করেছেন মাত্র ৩ রান। জুনায়েদ সিদ্দিকী (৮) ও আফতাব আহমেদরা (২) জাতীয় দলের পর এবার ক্লাব দলকেও হতাশ করে চলেছেন।
কিন্তু বিকেএসপির তরুণ বোলাররা বড় দলের ভারে নুয়ে পড়েননি। পেসার মশিউর রহমান (৩/৩৫) প্রতিপক্ষকে ৩৮ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত করার পর নাসির হোসেন সেরেছেন বাকি কাজ। মাত্র ২৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। ১৬৩ খুব বড় টার্গেট নয়, তবুও ৫৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দিয়েছিল মোহামেডান। কিন্তু চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম (৫১) ও নাসিরের (৩৪) ৫৯ রানের পার্টনারশিপ সে সম্ভাবনা শেষ করে দেয়। বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটিও জয়ের তীরে পৌছে যায় মাত্র ৩৯.৪ ওভারে। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপূণ্যের জন্য নাসিরের ম্যাচ সেরার পুরস্কার না পাওয়ার কোনো কারণই ছিল না।
যেমন বিমান-সূর্যতরুণ ম্যাচে এই পুরস্কারটা মাশরাফি বিন মর্তুজাকে না দেওয়া হলেই বরং বিস্মিত হতে হত। ৪৪.২ ওভারে সূর্যতরুণকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিতে কার ভূমিকা সবচেয়ে বেশি সেটা বুঝতে জাতীয় দলের সহ-অধিনায়কের বোলিং ফিগারটা তুলে দিলেই চলছে : ১০-৫-১৬-৪! শিকার সংখ্যায় পিছিয়ে থাকলেও মিতব্যয়িতায় মাশরাফির খুব কাছাকাছি পৌছেছিলেন বাঁ হাতি স্পিনার নাবিল সামাদও (১০-১-২১-৩)। গতি ও ঘূর্ণিজাদুতে নাকাল সূর্যতরুণের ব্যাটসম্যান নিজামুদ্দিন রিপনের ব্যাটিংকে বীরত্বই বলতে হয়। কারণ তিনি একাই করেছেন ৮২ রান। তবে তার দলের মামুলি সংগ্রহ টপকাতে বেগ পেতে হয়নি বিমানকে। দলকে জয়ের চৌকাঠে পৌছে দিয়ে আউট হওয়া তামিম ইকবাল (৬৮) সেই সুযোগ দেনওনি।
আবাহনীকে সহজ জয়ের পথ দেখিয়েছে বাঁ হাতি স্পিনাররা। মাশরাফির মতোই রান খরচে ভীষণ কৃপণ মোহাম্মদ রফিকের (৭.১-৩-৮-৩) নেতৃত্বে অন্য দুই বাঁ হাতি আরাফাত সানি (২/২১) ও রেজাউল করিমেরও (২/২৮) ঘূর্ণিজাদু সিটি ক্লাবকে ৪২.১ ওভারে ১৩৫ রানেই শেষ করে দেয়। বোলিংয়ে সম্মিলিত প্রচেষ্টা থাকলেও এর আগে টস জিতে ব্যাট করতে নামা আবাহনীকে ২২৯ রানে পৌছে দেওয়ার কৃতিত্ব নাদীফ চৌধূরীর একার। ৪৭ রানে ৩, ৮০ রানে ৫ এবং ১৭০ রানে ৮ উইকেট হারানোর পরও আবাহনীকে দুইশো পার করিয়ে নিয়েছেন তার ৮৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংসটি। যেখানে বাউন্ডারি মাত্র দুটো হলেও ছক্কা ছয়টি। সুবাদে ম্যাচ সেরাও নাদীফই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24