ঢাকা, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জয় দিয়েই গ্রামীণফোন একাডেমী কাপ শুরু করা জিপি-বিসিবি একাডেমী দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট একাডেমী দল তাদেরকে হেসেখেলেই হারিয়েছে। ৪৯.৪ ওভারে স্বাগতিকদের তোলা ১৭৭ রান টপকে যেতে তাদের লেগেছে ৩৮.৪ ওভার এবং খুঁইয়েছে মাত্র ১ উইকেট। অর্থাৎ ৯ উইকেটের বড় জয় দিয়েই ত্রিদেশীয় এই সিরিজ শুরু করলো পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা একাডেমীর বিপক্ষে সেঞ্চুরি এসেছিল ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে। ফিফটি করেছিলেন অফস্পিনার নাসির হোসেন। এই ম্যাচে অবশ্য ব্যাটসম্যানরা একেবারেই ব্যর্থ। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস নাসিরের ৩৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন দশ নাম্বার ব্যাটসম্যান নাজমুল হোসেন। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ও পেসার দেলোয়ার হোসেন করেছেন ২৬ রান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২০ঘ.
bdnews24