২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ারে অভিষেক বিকেএসপির

অঘটন বললেও বোধহয় পুরোটা বলা হয় না। বৃহষ্পতিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ারের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে এমন একটা কাণ্ডই ঘটিয়ে বসেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্ররা। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে ১৫ রানে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেটে অভিষেক হয়েছে নবাগত বিকেএসপির। আর উদ্বোধনী দিনে হওয়া ছয়টি ম্যাচের মধ্যে একমাত্র ফিফটিও এসেছে এই প্রতিষ্ঠানেরই রায়হান আনাসের ব্যাট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অঘটন বললেও বোধহয় পুরোটা বলা হয় না। বৃহষ্পতিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ারের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে এমন একটা কাণ্ডই ঘটিয়ে বসেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্ররা। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে ১৫ রানে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেটে অভিষেক হয়েছে নবাগত বিকেএসপির। আর উদ্বোধনী দিনে হওয়া ছয়টি ম্যাচের মধ্যে একমাত্র ফিফটিও এসেছে এই প্রতিষ্ঠানেরই রায়হান আনাসের ব্যাট থেকে। একই মাঠে দিনের অন্য ম্যাচে হেরেছে ওল্ডডিওএইচএসও। অবশ্য তাদের ৩৪ রানের হারকে অঘটন বলার সুযোগ নেই কারণ তিনবছর পর প্রিমিয়ারে ফেরা সূর্যতরুণ এবার গোছানো দলই। বিকেএসপির দুই নাম্বার মাঠে আবাহনীর সামনে দাঁড়াতেই পারেনি কলাবাগান। হেরে গেছে ৬ উইকেটে। একই মাঠে একই ব্যবধানে সোনারগাঁও ক্রিকেটার্সকে হারিয়েছে ভিক্টোরিয়া। বিকেএসপির এক নাম্বার মাঠে সিটি ক্লাবের বিপক্ষে রানওয়েতে হোঁচট খেতে খেতেও খায়নি বিমান। জিতেছে মাত্র ২ উইকেটে। এই ভেন্যুতে ইয়াং পেগাসাসের বিপক্ষে পারটেক্সও জিতেছে একই ব্যবধানে। মোহামেডান-বিকেএসপি ম্যাচটা অনুমান অনুযায়ীই এগুচ্ছিল। ২০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টস জিতে ব্যাটিংয়ে নামা দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির যুবারা। সেখান থেকেই পূর্বানুমানকে ভুল প্রমাণ করতে থাকে সায়মন আহমেদ (৪৩ বলে ৪১) ও রায়হান আনাসের ৬৮ রানের চতুর্থ উইকেট জুটি। তবে রায়হানকে আউট করতে পারেননি মোহামেডানের বোলাররা। মমিনুল হককে (১২ বলে ১৯) নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে তিনি দলকে নিয়ে যান ১৪১ রানে। নিজে অপরাজিত থাকেন ৫৩ রানে। মাত্র ৪২ বলের ইনিংসটিতে চার বাউন্ডারি ছাড়া একটি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। পরে মোহামেডানের (১৯.২ ওভারে ১২৬/১০) সফলতম ব্যাটসম্যান ফয়সাল হোসেনকে (২৬) ফেরানো রায়হানই হয়েছেন ম্যাচের সেরা। ওদিকে মোহামেডানের মতোই ব্যর্থ ছিলেন সূর্যতরুণের ব্যাটসম্যানরাও। ব্যতিক্রম কেবল ওপেনার উত্তম সরকার। ম্যাচ সেরা হওয়া এই ব্যাটসম্যানের ৩০ বলে ৪০ রান দলকে ৯ উইকেটে পৌছে দেয় ১৩৫ রানে। এরপর ওল্ড ডিওএইচএসকে এর কমে গুটিয়ে দেওয়ায় মনিরুল ইসলামের (৩/২০) চেয়ে পেসার মোহাম্মদ শরীফের ভূমিকাই বোধহয় বেশি। ৩ উইকেট নিতে যে তিনি খরচ করেছেন মাত্র ৫ রান! ভিক্টোরিয়া-সোনারগাঁও ক্রিকেটার্স ম্যাচে দু'দল মিলিয়ে কোনো ব্যাটসম্যানের ব্যাট থেকে আসা সর্বোচ্চ ইনিংস ২৫ রানের। সোনারগাঁও ৭ উইকেটে ১১১ রান তোলার পর ভিক্টোরিয়া ১৮ ওভারেই তা টপকে যায় ৬ উইকেট অক্ষত রেখে। ব্যাটিংয়ে আকালের এই ম্যাচে একজন বোলার তাই পেয়েছেন সেরার স্বীকৃতি। তিনি ভিক্টোরিয়ার স্পিনার সাকলায়েন সজীব, ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। কলাবাগানের ১১৪ রান টপকাতে আবাহনীকে বেগই পেতে হয়নি অধিনায়ক তুষার ইমরান (২৪ বলে ৩৬) ও রেজাউল করিমের (২২ বলে ২৭*) ব্যাটিংয়ে। তবে শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও দারুণ সফল (১৬ রানে ৩ উইকেট) রেজাউল হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। সিটি ক্লাবের ১২৪ রান তাড়া করতে নামা বিমান হার দেখলেও শেষপর্যন্ত হারেনি মুশফিকুর রহমানের (৩৪ বলে ৩৮ রান) ব্যাটিংয়ে। দলকে জয়ের তীরে পৌছে দেওয়া এই অলরাউন্ডার এর আগে বোলিংয়ে ১৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা হিসেবে তাকে বেছে নেওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.