ওয়েলিংটন, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা টিম ম্যাকিনটশের সেঞ্চুরি ও জেসি রাইডারের দ্রুতগতির ফিফটি এক সময় বড় লিড নেয়ার স্বপ্ন দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। কিন্তু ফিদেল এডওয়ার্ডসের (৭/৮৭) ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেই স্বপ্ন পূরণ হয়নি কিউইদের। রোববার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৫৫ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা অলআউট হয়ে গেছে ৩৭১ রানে। তারপরও অবশ্য তাদের লিডটা ৬৪ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান।
২ উইকেটে ১৪৫ রান নিয়ে শুরু করা নিউজিল্যান্ডকে রোববার প্রথম ধাক্কা দিয়েছেন এডওয়ার্ডস, দিনের দ্বিতীয় বলেই রস টেলরকে (৪) কট বিহাইন্ড করে। কিন্তু রাইডারকে সঙ্গে নিয়ে ১০০ রানের জুটি গড়ে সেই ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছেন ম্যাকিনটশ। ৬৮ বলে ৫৭ রান করা রাইডারকেও ফিরিয়েছেন এডওয়ার্ডস। তবে ম্যাকিনটশ তাতে দমে যাননি। প্রথম টেস্ট সেঞ্চুরিকে ১৩৬ রান পর্যন্ত টেনে নিয়ে গেছেন কিউই ওপেনার। শেষ পর্যন্ত ৩৩৭ বলে খেলা ২১ বাউন্ডারিতে সাজানো ইনিংসটা শেষ হয়েছে জেরম টেলরের বলে বোল্ড হয়ে।
তারপরই নেমেছে ধস! যে ধসের রূপকার এডওয়ার্ডস। উইকেট কিপার ব্রেন্ডন ম্যাককালাম (৩১) ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (২৯) ছাড়া নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান রুখে দাঁড়াতে পারেননি এডওয়ার্ডসের তোপের সামনে। আর তাই ৪ উইকেটে ৩১৬ রানের স্বস্তিকর জায়গায় দাঁড়িয়েও কিউইরা বিশাল লিড নিতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৩০৭ (চন্দরপল ১২৬*, ন্যাশ ৭৪; ও' ব্রায়েন ৬/৭৫) ও ৬২/২ (গেইল ৩৬*, চ্যাটারগুন ২৫; ভেট্টোরি ১/৬)
নিউজিল্যান্ড : ৩৭১ (ম্যাকিনটশ ১৩৬, রাইডার ৫৭, ফ্লিন ৫৭; এডওয়ার্ডস ৭/৮৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪৫ঘ.
bdnews24