ঢাকা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল বেলা সাড়ে ১২টায়। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়ে থাই এয়ারওয়েজের ফ্লাইট ঢাকার মাটি স্পর্শ করলো দেড় ঘণ্টা দেরিতে, দুপুর ২টায়। বৃহস্পতিবার দুটো টেস্ট ও একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ (তৃতীয় দল জিম্বাবুয়ে) খেলতে বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানালেন আশরাফুলের দলকে হালকাভাবে নেয়ার ঝুঁকি নিতে তারা কিছুতেই রাজি নন।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দলের শক্তিমত্তার বিস্তর ব্যবধান। কিন্তু তা নিয়ে কোনো রকম আত্মপ্রসাদে ভুগতে রাজি নন জয়াবর্ধনে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবার আগে তিনি জানালেন, "এদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আমাদের প্রথম লক্ষ্য। অবশ্যই বাংলাদেশ ভালো দল এবং দলে কয়েকজন নতুন মুখও আছে। যাদের বিশ্লেষণ করার কাজটাও আমাদের করতে হবে।"
তারপর বললেন আসল কথাটা, "আমাদের বিন্দুমাত্র আত্মপ্রসাদে ভোগার সুযোগ নেই। সুযোগ নেই বাংলাদেশ দলকে হালকাভাবে নেওয়ারও। এখানে ভালো ক্রিকেট খেলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেললেও শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট খেলেছিল প্রায় সাড়ে চার মাস আগে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে। সেই সিরিজের স্মৃতি তাদের জন্য দারুণ সুখদায়কও। সেই সুখস্মৃতি ঢাকায় পৌঁছেও রোমন্থন করলেন শ্রীলঙ্কা অধিনায়ক, "ভারতকে তিন টেস্টের সেই সিরিজে ২-১ এ হারানোর স্মৃতি এখনো বেশ টাটকা। এধরনের সাফল্যের কথা ভাবতে সবসময় ভালোই লাগে।" মাঝের সময়টায় তার দলের ক্রিকেটাররা বাংলাদেশ সফরের জন্য নিজেদের ভালোমতোই প্রস্তুত করেছেন বলেও দাবি করলেন শ্রীলঙ্কান অধিনায়ক, "ভারত সিরিজের পর থেকে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ব্যস্ত রেখেছি আমরা। এখানে আসার আগে এই দলের বেশিরভাগ সদস্যেরই চার-পাঁচটা করে ম্যাচ খেলা হয়ে গেছে। সুতরাং প্রস্তুতি বেশ ভালোই হয়েছে বলতে হবে।"
শ্রীলঙ্কার এটা বাংলাদেশে দ্বিতীয় টেস্ট সফর। ২০০৬ সালে প্রথম সফরে বাংলাদেশের কাছে একটা ওয়ানডেতে হারের তেতো স্বাদও নিতে হয়েছিল তাদের। তবে টেস্টে তাদের সামনে কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এবারো কি দুই টেস্টের সিরিজে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? এমন প্রশ্নের জবাবে অবশ্য সতর্ক পথেই হাঁটলেন জয়াবর্ধনে, "ভবিষ্যদ্বাণী করার মতো অধিনায়ক আমি নই। একসঙ্গে একটা ম্যাচেই মনোযোগী হওয়াটা আমার পছন্দের। ওয়ানডে সিরিজের সময়ই এটা নিয়ে ভাবা যাবে। এখন আগে টেস্ট সিরিজ। আগেও বলেছি, এখানে এই সিরিজটাকে আমরা সহজভাবে নিচ্ছি না, আত্মতুষ্টিতেও ভুগবো না।"
দেশের মাটিতে খেলা সর্বশেষ সিরিজে ২৬ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দেয়া অজন্তা মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না ইনজুরির কারণে। ক্রিকেট দুনিয়ার নবাগত 'স্পিন বিস্ময়' না থাকলেও তা নিয়ে কিন্তু মোটেই দুশ্চিন্তাগ্রস্ত নন জয়াবর্ধনে, "মেন্ডিসের অনুপস্থিতি আমাদের দলের পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলবে না। কারণ আমরা কখনোই একজনের ওপরে নির্ভর করি না।" মেন্ডিসের অবশ্য দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা আছে। বেশ দ্রুতই সেরে উঠছেন তিনি। তবে জয়াবর্ধনে জানিয়েছেন মেন্ডিসকে খেলানোর ব্যাপারে কোনো রকম তাড়াহুড়া করতে রাজি নন তারা।
আগামী মাসে ভারত পাকিস্তানে না গেলে শ্রীলঙ্কার পাকিস্তানে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার প্রভাবশালী ক্রিকেট কর্মকর্তারাই এমন ইঙ্গিত দিয়েছেন। এ সম্পর্কেও প্রশ্ন রাখা হয়েছিল জয়াবর্ধনের কাছে। তবে শ্রীলঙ্কার অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপাতত এ নিয়ে তারা কিছু ভাবছেন না, "এবিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি এখানে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট খেলতে এসেছি। ওই বিষয়টা (পাকিস্তান সফর) যখন সামনে আসবে তখনই এটা নিয়ে ভাববো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/এমএম/১৫১৩ঘ.
bdnews24