নয়াদিল্লী, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্তের মতে টেস্ট দলে সৌরভ গাঙ্গুলীর জায়গা নেয়ার সবচেয়ে বড় দাবীদার যুবরাজ সিং। ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে দুটো দুর্দান্ত সেঞ্চুরি করে যুবরাজও বুঝিয়ে দিয়েছেন শ্রীকান্তের ধারণাটা অমূলক নয়। তাই প্রত্যাশিতভাবেই ইংলিশদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
গত এপ্রিলে কানপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা যুবরাজ জুলাই-আগস্টে শ্রীলঙ্কার সঙ্গে তিন টেস্ট সিরিজে সুযোগ পাননি। তবে ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে আর উপেক্ষা করা সম্ভব হয়নি। স্পিন-শক্তি বাড়াতে ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে। আছেন গত মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ টেস্টে খেলা ওপেনার মুরালি বিজয় এবং মিডল অর্ডার ব্যাটসম্যান সুব্রামানিয়াম বদ্রিনাথও। তবে বাজে ফর্মে থাকা বাঁহাতি পেসার রুদ্রপ্রতাপ সিং সুযোগ পাননি।
আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মোহালি।
ভারতের টেস্ট দল :
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, অমিত মিশ্র, জহির খান, ইশান্ত শর্মা, হরভজন সিং, সুব্রামানিয়াম বদ্রিনাথ, মুনাফ প্যাটেল, মুরালি বিজয় ও প্রজ্ঞান ওঝা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.
bdnews24