সিডনি, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রেকর্ডের জন্মই ভেঙ্গে যাওয়ার জন্য। ব্রায়ান লারাও ভালো মতোই জানেন কথাটা। আর জানেন বলেই শচীন টেন্ডুলকার টেস্টে তার সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে দেয়ায় তিনি একটুও দুঃখ পাননি। লারা বরং রেকর্ডটা যোগ্য ব্যক্তির হাতে উঠেছে বলে আনন্দিতই। তিনি অবশ্য মনে করেন রেকর্ডটা টেন্ডুলকারের কাছেও স্থায়ী হবে না। ভবিষ্যতে ওটা চলে যাবে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছে।
প্রায় তিন বছর টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড লারার দখলে ছিল। ২০০৫ সালের নভেম্বরে অ্যালান বোর্ডারকে পেছনে ফেলে যে অর্জন তিনি মুঠোবন্দী করেছিলেন গত শুক্রবার মোহালিতে তা ম্লান করে দিয়েছেন টেন্ডুলকার। সেদিন ৮৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলার পথে লারার ১১,৯৫৩ রানই শুধু পেরিয়ে যাননি 'লিটল জিনিয়াস', টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে স্পর্শ করেছেন ১২ হাজার রানের মাইলফলকও।
টেন্ডুলকারকে লারা সবসময়ই বন্ধু মনে করেন, আর তাই রেকর্ডটা হারালেও খুশিই তিনি। অস্ট্রেলিয়া সফরে গিয়ে রেকর্ড সম্পর্কে বলতে গিয়ে টেন্ডুলকারকে প্রশংসাতে ভাসালেন 'ক্যারিবিয়ান গ্রেট', "আমাকে পেরিয়ে যাওয়ার জন্য শচীন টেন্ডুলকারের চেয়ে ভালো ব্যাটসম্যান আর কেউ হতেই পারতো না। অনেক বছর ধরেই সে নিজেকে গ্রেট হিসাবে প্রতিষ্ঠিত করেছে। রেকর্ডটা তারই প্রাপ্য। তার প্রতি আমার শুভকামনা রইলো।"
টেন্ডুলকারের প্রতি শুভকামনার পাশাপাশি রেকর্ডটা একসময় নিজের দখলে ছিল বলে লারা গর্বিতও, "বছর দুয়েক ধরে এটাকে নিজের দখলে রাখতে পারা ছিল দুর্দান্ত ব্যাপার। আমার অধিকারে আরো কয়েকটা রেকর্ডটা আছে আর সেগুলো আরো বেশ কিছু দিন আমার দখলে থাকবেও। তবে সবচেয়ে বড় কথা হলো আমি সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছি। সবার আগে সেখানে (সর্বোচ্চ রানের রেকর্ডে) পৌঁছানো, সেটা অর্জন করা এবং বেশ কিছু দিন তা ধরে রাখা দারুণ ব্যাপার। তাই আমার মনে কোনো দুঃখবোধ নেই।"
পন্টিংয়ের চেয়ে প্রায় দুই হাজার রানে এগিয়ে থাকলেও বয়সেও তার চেয়ে টেন্ডুলকার দুই বছরের বড়। অনেকেরই ধারণা টেন্ডুলকারকে হয়তো আর খুব বেশি দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু পন্টিংয়ের সামনে এখনো অনেক সময়। তাছাড়া বেশ কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তিনি। সবকিছু মিলিয়ে লারার বিশ্বাস ভবিষ্যতে টেন্ডুলকারের রেকর্ডটা ভেঙ্গে দেয়ার ক্ষমতা একমাত্র অস্ট্রেলীয় অধিনায়কেরই আছে, "আমার মনে হয় পন্টিংয়ের আরো ৩০ বা ৪০টা টেস্ট ম্যাচ খেলার ক্ষমতা আছে। সে ইতিমধ্যেই ১০ হাজার রান পেরিয়ে গেছে। আর এটা এমন একটা রেকর্ড যা দীর্ঘ দিন ধরে খেললে এবং ধারাবাহিকভাবে রান করতে পারলে এক জন ব্যাটসম্যান ভেঙ্গে দিতে পারবে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০৫ঘ.
bdnews24