২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারিংকে দুষলেন সিডন্স, শিষ্যদের শিক্ষা নিতেও বললেন

"অশোকা তুমি এলিট প্যানেল থেকে বেরিয়ে যাও। আম্পায়ারিং শিখে আবার এসো।"- কমেন্ট্রি বক্সে বসে নাকি এমন হইচই-ই করছিলেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যানি মরিসন। সঙ্গী ধারাভাষ্যকার বাংলাদেশের শামীম আশরাফ চৌধুরী ম্যাচশেষে ভেতরের এই খবর ফাঁস করে দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "অশোকা তুমি এলিট প্যানেল থেকে বেরিয়ে যাও। আম্পায়ারিং শিখে আবার এসো।"- কমেন্ট্রি বক্সে বসে নাকি এমন হইচই-ই করছিলেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যানি মরিসন। সঙ্গী ধারাভাষ্যকার বাংলাদেশের শামীম আশরাফ চৌধুরী ম্যাচশেষে ভেতরের এই খবর ফাঁস করে দিলেন। আব্দুর রাজ্জাকের বলে ব্রেন্ডন ম্যাককালামকে এলবিডাব্লিউ দেওয়ার পর মরিসন ক্ষোভ ভেতরেই রেখেছেন। তবে বাংলাদেশ শিবির থেকে আগেরদিনই আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়ে গেছে। তিন উইকেটে হারের পরও যার রেশ থাকলো। জয়ের খুব কাছে গিয়ে ফিরে আসার পেছনে আম্পায়ারিংয়ের ভূমিকার কথাও পরোক্ষে বলতে ছাড়লেন না জেমি সিডন্স। বাংলাদেশ দলের কোচ তা বলতেই পারেন। কারণ চট্টগ্রাম টেস্টের চতুর্থদিন অন্তত তিনটি সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। প্রথমে মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে টিভি আম্পায়ারের স্টাম্পিংয়ের সিদ্ধান্ত। এরপর জেস রাইডার ও অ্যারন রেডমন্ডরাও লেগবিফোরের ফাঁদে পড়েও বেঁচে গেছেন। সিডন্স জানাচ্ছেন শেষদিনেও কিছু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যেতে পারতো, "আজকের দিনে ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে আসার দরকার ছিল। নিশ্চিত এলবিডব্লু কিংবা এমন কিছু না হলেও কয়েকটা সিদ্ধান্ত আমাদের পক্ষে আসতেই পারতো। উইকেটে তো ফাস্ট বোলারদের জন্যও কিছু ছিল না। তবু আমরা ভালো বল করেছি। কোনো ক্যাচও ফেলিনি। কিন্তু ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলোর বেশিরভাগই আমাদের পক্ষে আসেনি।" ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাশেই বসা মোহাম্মদ আশরাফুলও কোচের সঙ্গে পুরো একমত, "কোচ যেমন বললেন, এসব পরিস্থিতিতে ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলো পক্ষে আসা লাগে। কিন্তু আজ আমাদের সেই ভাগ্য ছিল না।" অবশ্য হারের পেছনে শুধু এটাকেই কারণ বলে দাঁড় করাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক, "ভেট্টোরি দুই ইনিংসেই ভালো ব্যাটিং ও বোলিং করে পার্থক্য গড়ে দিয়েছে। তাছাড়া দ্বিতীয় ইনিংসে ওরা ব্যাটিংয়ের পরিকল্পনাও সাজিয়েছিল চমৎকার।" কিউইদের এই পরিকল্পিত ব্যাটিং থেকে তার শিষ্যদেরও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সিডন্স। বিশেষ করে বাংলাদেশ দলের টপ অর্ডারকেই এই শিক্ষাটা নিতে বলছেন তিনি। পাশে বসা অধিনায়ক কী তার কথা শুনেছেন? কোচের কথায় যে শেখার তাগিদ দেওয়া হয়েছে তাকেও। "আমরা বেশ বড় টার্গেটই দিয়েছিলাম। অথচ দেখুন ওরা আগের ভুল থেকে কী দারুণ শিক্ষাটাই না নিয়েছে! পরিশ্রম করেছে এবং পরিকল্পনা অনুযায়ী ব্যাটিংও। কোনো অপ্রয়োজনীয় শটই খেলেনি। একদমই সুযোগ দিচ্ছিল না আমাদের। আশা করছি আমাদের ছেলেরা এটা থেকে শিক্ষা নেবে বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা।" সাকিব আল হাসান ও মেহরাব জুনিয়রকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশের মাঝে অধিনায়ককেও টেনে আনলেন একারণেই, "প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে ওদের অলআউট করে দেওয়াটা আমাকে আনন্দ দিয়েছে খুব। মেহরাব ও সাকিবের কথা আলাদা করে বলতে চাই। তবে আশরাফুল ও ইমরোজেরও (জুনায়েদ সিদ্দিকী) ভালো খেলা চাই। এক ম্যাচে সবাই মিলে ভালো খেলছে, এটাই দেখতে চাই।" ঢাকা টেস্টে গিয়ে এর উত্তর পাবেন সিডন্স। তবে অতীত অভিজ্ঞতা থেকে তিনি জানেন, ঢাকায় কিউইদের অন্যরূপেই দেখা যাবে, " দেশের মাটিতে আমরা উইকেট দিয়ে সবাইকে চমকে দেই। এখানে আমরা ভালো বল করি, উইকেটও পাই কিন্তু প্রতিপক্ষও ভূল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসে। যেমনটা শেষবার করেছিল দক্ষিণ আফ্রিকা। সুতরাং ঢাকায় কিউইদের খেলায় ভিন্নতা দেখবেন।" গত ফেব্র"য়ারিতে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের ১৭০ রানে অলআউট করে দিয়ে লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে তারা ফিরে এসে ম্যাচ জিতেছিল। এই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামেই পরের টেস্টে তাদের দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও নেইল ম্যাকেঞ্জি মিলে বাংলাদেশের ওপর চাপিয়েছিলেন ৪১৫ রানের ওপেনিং বিশ্বরেকর্ডের বোঝা। কিউইরা অবশ্য এরকম উথাল-পাতাল করে দেওয়া কিছু করতে পারবে না বলেও মনে করেন তিনি। কারণও ব্যাখ্যা করলেন, "এখানকার উইকেট দিন দিন ফ্ল্যাটই হয়েছে। ঢাকায় হলে এরকম হতো না। ওখানকার লো উইকেটের কিছু চাতুরীও আছে। ঢাকায় নিউজিল্যান্ড অন্যরকম খেলবে বটে, কিন্তু মনে রাখবেন ওটা ভিন্ন উইকেট। তাই আশা করছি, আমরা আবারো ওদের ধরতে পারবো।" এবারই তো ধরে ফেলা গিয়েছিল প্রায়। তবে ম্যাচের শেষদিনে একপর্যায়ে কিউইদের পরিকল্পিত ব্যাটিংয়ে হাল ছেড়ে দেয় বাংলাদেশ। সেটা কখন? অধিনায়ক জানালেন, "চা বিরতির পরই মনে হচ্ছিল আমরা আর পারবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.