ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে রাজশাহী ও ঢাকা। মঙ্গলবার রাজশাহী এক ইনিংস ২২ রানে চট্টগ্রামকে এবং ঢাকা ৬ উইকেটে সিলেট বিভাগীয় দলকে হারিয়েছে। অন্য ম্যাচে বরিশাল ড্র করেছে খুলনার সঙ্গে।
এই ম্যাচ থেকে রাজশাহী সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে। সুবাদে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা পয়েন্ট তালিকায়। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা। তৃতীয় স্থানে থাকা বরিশালের সংগ্রহ ২০ পয়েন্ট এবং খুলনা ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। চট্টগ্রামের পয়েন্ট ১২ এবং সবার নীচে থাকা সিলেটের সংগ্রহ ১১ পয়েন্ট।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হার এড়ানো কঠিন ছিল চট্টগ্রামের। মঙ্গলবার শেষদিনে ইনিংস পরাজয় এড়ানোর জন্য তাদের প্রয়োজন ছিল আরো ১১১ রানের। কিন্তু আগেরদিনের ৭ উইকেটে ২০৭ রানের সঙ্গে ৮৯ রান যোগ করতেই শেষ হয়ে যায় চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস। ইনিংস পরাজয় এড়াতে পারেনি তারা সোহরাওয়ার্দী শুভ'র জন্য, রাজশাহীর এই স্পিনার ১২২ রানে নিয়েছেন ৫ উইকেট। একটু প্রতিরোধ গড়েছিলেন চট্টগ্রামের তারেক আজিজ, আগেরদিন ৪৯ রারে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ৫৪ রান করে শুভ'র শিকারে পরিণত হয়েছেন।
মূলত প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেই জয়ের ভিত তৈরি করে রাজশাহী। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪৩৮, তার জবাবে চট্টগ্রাম প্রথম ইনিংস শেষ হয় ১২২ রানে।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৫৬ রান ঢাকাকে নিয়ে গেছে জয়ের বন্দরে। আগে অবশ্য ওপেনার জাভেদ ওমর ৪৮ রান করে চমৎকার সূচনা দিয়ে জয়ের লক্ষ্যের (২০৩) দিকে অনেকটা এগিয়ে দেন দলকে। তাই আগেরদিনের বিনা উইকেটে ৩৪ নিয়ে শুরু করে শেষদিনে ঢাকা ৪ উইকেটে ২০৫ রান করে সহজ জয় পেয়ে যায়। স্বাগতিক সিলেটের তাপস ঘোষ ৫৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে স্বাগতিক হয়ে খেলা খুলনার সামনে ২৬০ রানের জয়ের টার্গেট দিয়েছিল বরিশাল। শেষদিনে এই লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে সমূহ বিপদ দেখে খুলনা শেষেরদিকে রক্ষণাত্মক মেজাজে খেলে উইকেট অরক্ষিত রাখার দিকে মনযোগী হয়। সফলও হয় তারা। ৭ উইকেটে ২০৭ রান করে চতুর্থ দিনের খেলা শেষ হলে ড্র হয় ম্যাচটি।
আগেরদিনের ৯ উইকেটে ১৬৯ রানের সঙ্গে এদিন কেবল ১২ রান যোগ করে ১৮১ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে বরিশাল। তাতে খুলনার সামনে ২৬০ রানের জয়ের টার্গেট দাঁড়ায়। যা তাড়া করতে গিয়ে ৮২ রানে তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু তুষার ইমরান (৫৬) ও রায়হান (৩৯) ষষ্ঠ উইকেট জুটিতে ৯০ রান যোগ করায় বেঁচে যায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24