চট্টগ্রাম, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডেতে বাংলাদেশের প্রায় সব বড় জয়েই হেসেছে মোহাম্মদ আশরাফুলের ব্যাট। কিন্তু টেস্ট ক্রিকেটে বড় জয়ের তীরে গিয়ে ফিরে আসার ক্রমশ দীর্ঘায়িত হতে থাকা অধ্যায়ে তার ব্যাট ঘুমিয়েই থেকেছে। এই বৈপরীত্যের ব্যাখ্যা বাংলাদেশ অধিনায়ক নিজেও জানেন না। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলেন, "আমি তো পারফরম করতেই চাই।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
পারফরম করার আকুতি আছে ঠিকই তবে রানের দাবি ভুলে উইকেট ছুঁড়ে দিয়ে আসার ঘটনাও তো কম ঘটেনি। এই চট্টগ্রাম টেস্টেও তো ভুল সময়ে বাজে শট খেলে আউট হয়েছেন। অথচ অধিনায়ক হিসেবে অন্যদের দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতানোর ভুরিভুরি উদাহরণ তার চোখের সামনেই রচিত হয়েছে। মুলতান ও ফতুল্লার পর এবার চট্টগ্রামেও দেখলেন। ইনজামাম-উল হক ও রিকি পন্টিংয়ের পর এবার তাকে সেটা দেখালেন ডেনিয়েল ভেট্টোরি, যিনি কিনা ব্যাটসম্যানই নন।
অথচ দলের সেরা ব্যাটসম্যান আশরাফুল মুলতানে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ১২ ও ৩ রান। ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৪। তখন না হয় অধিনায়ক ছিলেন না। কিন্তু এবার তো ইনজামাম ও পন্টিংদের ইনিংসগুলো তার জন্য অনুপ্রেরণার হওয়ার কথা। অথচ দুই ইনিংসে করলেন মাত্র ২ ও ০। দ্বিতীয় ইনিংসে তো মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই চড়াও হতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন।
কিন্তু এখানেও স্বভাবসুলভ ভঙ্গিতে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন তিনি, "পরিস্থিতি হয়তো ওরকম শট দাবি করেনি। তবে আমি বলবো ভালো করতে হলে ভাগ্যও লাগে। এটা নিশ্চয়ই মানবেন যে দারুণ একটা ক্যাচও হয়েছে। অনেক সময় তো হাতের ক্যাচও পড়ে যায়।" কিন্তু ভালো শট- খারাপ শট খেলাটা নিজের ওপর। এখানে নিশ্চয়ই ভাগ্যের ভূমিকা থাকে না। ইনজামাম-পন্টিংদের কাছ থেকে কী এই শিক্ষাটাও নেওয়ার নেই!
সংবাদ সম্মেলনে এই প্রশ্নেরও মুখোমুখি হতে হল তাকে, "অবশ্যই শেখার আছে। ওয়ানডেতে বাংলাদেশের সব বড় জয়ে আমার অবদান আছে ভাবলে ভালো লাগে। টেস্টেও এধরনের ম্যাচ জেতাতে পারিনি ভাবলে তাই মনটা খুব খারাপ হয়।" অধিনায়ক পারফরম করতে না পারলে অন্য সমস্যাও হতে পারে বলে মানেন তিনি। যদিও এখন পর্যন্ত তার বাজে পারফরম্যান্সের প্রভাব দলে পড়েনি দাবি করে সংবাদ সম্মেলনে বললেন, "অধিনায়ক যদি পারফরম করে, তাহলে ভালোভাবে দলকে নেতৃত্বও দিতে পারে। এই টেস্টে কোনো অবদান রাখতে পারিনি বলে খারাপ লাগছে। আমি কিছু রান করলে হয়তো....।"
বাংলাদেশ বড় দলের বিপক্ষে প্রথম জয়ের আনন্দে উন্মাতাল হতো। ওয়ানডেতে অনেক বড় জয়ের পর তাকে নিয়েও উন্মাদনা দেখেছেন আশরাফুল। আবার মুদ্রার ওপিঠও কম দেখেননি। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের গ্যালারি থেকে প্রায় প্রতিদিনই 'ভুয়া, ভুয়া' ধ্বনি তাকে শুনতে হয়েছে। ব্যর্থতার পর সমালোচনা এখন তার গা সওয়া হয়ে গেছে বলেই মনে হল, যখন মঙ্গলবার সংবাদ সম্মেলনে বললেন, "আমি বিরক্ত নই। তবে ভালো করলে যেমন লোকে সমর্থন করে, তেমনি খারাপ করার পরও তাদের পাশে পাওয়া জরুরী। কিন্তু কী আর করা, এটাই বাস্তবতা।"
কিন্তু এটাও তো বাস্তবতা যে ভালো করলে আবার তাকে নিয়ে হইচই হবে। চট্টগ্রাম টেস্টের সময় এই বাস্তবতার কথাই আশরাফুলের মাথায় বেশি থাকলে ভালো ছিল!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24